চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে জংশন স্টেশন এলাকায় তেলবাহী ট্রেন লাইনচ্যুতের ঘটনায় প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর রহনপুর-নাচোল-রাজশাহী রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। গতকাল বৃহস্পতিবার উদ্ধার তৎপরতার পর লাইনচ্যুত তেলবাহী ওয়াগন উদ্ধার সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। খুলনা থেকে ছেড়ে আসা আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে আসা ট্রেনটির মোট ৩০টি তেলবাহী ওয়াগনের মধ্যে ৪ টি লাইনচ্যুত হয়। দুর্ঘটনার পর সকাল ১০ টার দিকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। আমনুরা রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হাসিবুল হাসান জানান, খুলনা থেকে আমনুরা বিদ্যুৎকেন্দ্রের উদ্দেশে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি আমনুরা রেলওয়ে জংশন স্টেশন এলাকায় ট্রেনটির ৪টি তেলবাহী ওয়াগন লাইনচ্যুত হয় এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। খবর পেয়ে রেলওয়ের প্রকৌশলী দল ও সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থলে এসে সকাল ১০ টা থেকে উদ্ধার কাজ শুরু করে। দীর্ঘ ৪ ঘন্টা ধরে তৎপরতার পর দুপুর ২টার দিকে লাইনচ্যুত ওয়াগন উদ্ধার কাজ সম্পন্ন হয়। পরে ক্ষতিগ্রস্ত রেললাইন পরীক্ষা ও প্রয়োজনীয় সংস্কার শেষে রহনপুর-নাচোল-রাজশাহী রুটে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক করা হয়।