কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহ-৪ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় বাকুলিয়াস্থ ঝিনাইদহ সড়কের দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। দলের কালীগঞ্জ উপজেলা শাখা আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দালিপাল্লার প্রার্থী আবু তালিব।

জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী মাওলানা আবু তালিব বলেন, সাংবাদিকরা জাতির বিবেক। বাংলাদেশের ইতিহাসে ৫৪ বছর পার হয়েছে। এ সময়ে মানুষের ভোটাধিকার হরণ করা হয়েছে, মানুষ বিভিন্ন ভাবে বঞ্চিত। ভোট আসলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা হয়, ভয় দেখানো হয়। ভোট শেষ হলে যারা পরাজিত হয় তাদের বাড়িঘর ভাঙচুর করা হয়। এবারের নির্বাচন একটু ভিন্ন আঙ্গীকে দেখা হচ্ছে। নির্বাচনে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হবে। স্বাধীনভাবে সবাই তার মতামত প্রয়োগ করতে পারবে। ভোটের সুন্দর পরিবেশ হবে এটা আমাদের প্রত্যাশা। এ সুন্দর পরিবেশের জন্য সাংবাদিকদের ভূমিকা রয়েছে। সেই প্রত্যাশা পুরনের জন্য সাংবাদিকদের ভূমিকা অপরিসিম। এজন্য আপনাদের প্রয়োজনীয় কর্মকান্ড অব্যহত থাকবে আশা রাখছি। আমরা চাই একটি সুশৃঙ্খল আনন্দ ঘন পরিবেশে সুষ্ঠ্য উৎসবমুখর ভোট অনুষ্ঠিত হোক। এমন পরিবেশে জনগণ যাকে চাইবে তিনিই নির্বাচিত হয়ে আসবেন।