কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি সাবজেক্ট র‍্যাঙ্কিং ২০২৬-এ ‘কৃষি ও বনবিদ্যা’ ক্যাটাগরিতে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় (গাকৃবি) প্রথমবারের মতো বিশ্বে ৪০১-৪৭৫তম অবস্থান অর্জন করেছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। যুক্তরাজ্যভিত্তিক র‍্যাঙ্কিং সংস্থা কিউএস গত ২৫ মার্চ তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করে।

বিশ্বের শীর্ষ বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতায় এই সাফল্য গাকৃবির গবেষণা, আন্তর্জাতিক মানসম্পন্ন শিক্ষা পরিবেশ এবং নেতৃত্বের ধারাবাহিক অগ্রগতির প্রতিফলন। এর আগে কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ গাকৃবির অবস্থান ছিল ১০৭১-১০৮০ এর মধ্যে, যা থেকে অল্প সময়েই উল্লেখযোগ্য উন্নতি হয়েছে।

র‍্যাঙ্কিং অনুযায়ী, এ ক্যাটাগরিতে নেদারল্যান্ডসের ওয়াগেনিনজেন ইউনিভার্সিটি অ্যান্ড রিসার্চ প্রথম এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া দ্বিতীয় স্থান অর্জন করেছে। বিশ্বের ১০০টিরও বেশি উচ্চশিক্ষা ব্যবস্থার প্রায় ১,৯০০ প্রতিষ্ঠান ও ২১ হাজারের বেশি একাডেমিক প্রোগ্রাম মূল্যায়নের মাধ্যমে এ র‍্যাঙ্কিং প্রকাশ করা হয়।

এর আগে গাকৃবি কিউএস সাসটেইনেবিলিটি র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের কৃষি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে তৃতীয় এবং সামগ্রিকভাবে পঞ্চম স্থান অর্জন করে। একই সঙ্গে টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিং ২০২৬-এ দেশের পাবলিক-প্রাইভেট সব বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রথম এবং সাবজেক্ট র‍্যাঙ্কিংয়ে লাইফ সায়েন্স ক্যাটাগরিতেও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শীর্ষস্থান দখল করে।

এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে ভিসি প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, 'এটি শুধু একটি র‍্যাঙ্কিং অর্জন নয়, বরং দেশের কৃষি শিক্ষা ও গবেষণার প্রতি আন্তর্জাতিক আস্থার প্রতিফলন। আমরা ভবিষ্যতে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে পৌঁছাতে কাজ চালিয়ে যাব।'