উপদেষ্টা পরিষদে অনুমোদিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি নির্বাচন পরবর্তী প্রথম সংসদ অধিবেশনে পাশের আহ্বান জানিয়েছে অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স- আত্মা। প্রিন্ট ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সিনিয়র সদস্যদের নিয়ে আয়োজিত এক অবহিতকরণ সভায় জনস্বাস্থ্য সুরক্ষার যুগান্তকারী পদক্ষেপ হিসেবে উল্লেখ করে অধ্যাদেশটি পাশের প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। বৃহস্পতিবার রাজধানীর বিএমএ ভবনে আত্মা’র সভাটি আয়োজন করা হয়।

সভায় জানানো হয়, তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশটি আইন আকারে সংসদে গৃহীত হলে নতুন প্রজন্ম নিকোটিন পণ্য ব্যবহার শুরু করতে পারবে না এবং অন্যান্য তামাকপণ্য ব্যবহারেও নিরুৎসাহিত হবে। নারী, শিশুসহ অধূমপায়ীরা পরোক্ষ ধূমপানের ক্ষতি থেকে সুরক্ষা পাবে। সার্বিকভাবে দেশে তামাকজনিত মৃত্যু ও ক্ষয়ক্ষতি হ্রাস পাবে। জাতীয় সংসদের প্রথম অধিবেশনে উপস্থপানের ৩০ দিনের মধ্যে পাস না হলে অধ্যাদেশটি বাতিল বলে গণ্য হবে।

আত্মা’র সভায় আরো জানানো হয়, বর্তমানে দেশে ১৫ বছর তদূর্ধ্ব জনগোষ্ঠীর প্রায় ৩৫ শতাংশ মানুষ তামাক ব্যবহার করে। দেশে তামাক ব্যবহারজনিত রোগে বছরে প্রায় ২ লক্ষ মানুষ মৃত্যুবরণ করে। তামাক ব্যবহার ও উৎপাদনে স্বাস্থ্য এবং পরিবেশের ক্ষতি ৮৭ হাজার কোটি টাকা, যা তামাক খাত থেকে অর্জিত রাজস্বের দ্বিগুণেরও বেশি। সুতরাং অধ্যাদেশটি সংসদে পাস হলে সরকার এবং জনগণ উভয়ই লাভবান হবে।

সভায় ৫৬ জন সদস্যের উপস্থিতিতে সংগঠনের কার্যক্রম এবং করণীয় বিষয়ে আলোকপাত করেন আত্মা’র কো-কনভেনর মিজান চৌধুরী এবং প্রজ্ঞা’র হাসান শাহরিয়ার। বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন চ্যানেল আই-এর প্রধান বার্তা সম্পাদক মীর মাশরুর জামান রনি, আত্মা’র কনভেনর মতুর্জা হায়দার লিটন, কো-কনভেনর নাদিরা কিরণ এবং সদস্যসচিব এবিএম জুবায়ের প্রমুখ।