নগরজীবনে স্বস্তি, পরিচ্ছন্ন, স্বাস্থ্যসম্মত ও মশকমুক্ত নগর গড়তে নগর প্রশাসন সহ দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন।

গতকাল মঙ্গলবার রাজধানীর উত্তরায় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হাসপাতালের সামনে সামাজিক দায়বদ্ধতা ও জনদুর্ভোগ লাঘবে মশক নিধন কর্মসূচির উদ্বোধকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরা পূর্ব অঞ্চলের পরিচালক জামাল উদ্দিন, মহানগরী মজলিসে শূরা সদস্য ও উত্তরা পূর্ব থানা আমীর মাহফুজুর রহমান, উত্তরা পূর্ব থানা সেক্রেটারি আতিক হাসান রুবেল এবং ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এর আগে তিনি এক দায়িত্বশীল সমাবেশে মিলিত এবং মশক নিধনে সপ্তাহব্যাপী কর্মসূচি ঘোষণা করেন। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী আমীর আব্দুর রহমান মূসা, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি রেজাউল করিম সহ মহানগরী দায়িত্বশীলগণ।

মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, বর্তমান সরকার সিটি কর্পোরেশনে রাজনৈতিক ব্যক্তিদের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছে। রমজান মাসকে সামনে রেখে মশক নিধনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এমন প্রত্যাশা ছিল। কিন্তু নগরবাসী এখনো মশার উপদ্রবে চরম ভোগান্তিতে রয়েছেন। মশার উপদ্রবে মানুষ সিয়াম-কিয়াম, নামাজ, তারাবীহ, তাহাজ্জুদ ও সেহরী সহ ইবাদত-বন্দেগিতেও স্বাচ্ছন্দবোধ করছেন না। তাই নগরজীবনে স্বস্তি ও রমজান কেন্দ্রীক ইবাদত-বন্দেগীকে নির্বিঘœ করতে অবিলম্বে মশক নিধনের কোন বিকল্প নেই। তিনি মশক নিধনকে সামাজিক আন্দোলনে পরিণত করতে নগর প্রশাসনকে কার্যকর ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান।

তিনি বলেন, স্থানীয় সরকার প্রতিষ্ঠানকে কোনভাবেই দলীয়করণ করার সুযোগ নেই। তাই অনতিবিলম্বে সিটি কর্পোরেশন নির্বাচন দিয়ে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে নগরসেবা নিশ্চিত করা প্রয়োজন। এতে জনগণের প্রত্যাশা পূরণ এবং নাগরিক সমস্যার টেকসই সমাধান সম্ভব হবে বলে তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

উদ্বোধনের পর হাসপাতালের সামনের এলাকা থেকে মশক নিধন কার্যক্রম শুরু হয়। আয়োজকরা জানান, পর্যায়ক্রমে উত্তরা সিটি কর্পোরেশনের প্রতিটি ওয়ার্ডে এ কার্যক্রম পরিচালনা করা হবে। নগরবাসীর স্বাস্থ্য সুরক্ষা ও রমজান মাসে স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তি।