ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। গতকাল রোববার দুপুর আনুমানিক ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এতে নগদ টাকাসহ প্রায় ৯ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবারগুলো।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, পোলাডাঙ্গা গ্রামের মো. জিয়াউর রহমানের বাড়িতে মোবাইল ফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ (ব্লাস্ট) ঘটে। মুহূর্তের মধ্যেই আগুনের শিখা ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যরা চিৎকার শুরু করলে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পার্শ্ববর্তী মো. তারা, মো. তরিকুল ইসলাম এবং মোসা. চান্দু বেগমের বাড়িতে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভোলাহাট ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ৪টি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লক্ষ ৩০ হাজার টাকা পুড়ে ছাই হয়ে যায়। ভুক্তভোগীদের দাবি, সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৯ লক্ষ টাকা। সৌভাগ্যবশত অগ্নিকাণ্ডের সময় বাড়ির সদস্যরা দ্রুত বেরিয়ে আসায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনি। বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।”
সর্বস্ব হারিয়ে বর্তমানে পরিবারগুলো খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার আবেদন জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।