রংপুর অফিস, বদরগঞ্জ সংবাদদাতা
রংপুর-২ বদরগঞ্জ-তারাগঞ্জ নির্বাচনী এলাকার জাতীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম কেন্দ্রীয় নায়েবে আমীর এটিএম আজহারুল ইসলাম গতকাল মঙ্গলবার সকালে বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কার্যালয়ে প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বদরগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আকরাম আলী এতে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধী শিশুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।
এটিএম আজহারুল ইসলাম এমপি এ সময় এই অঞ্চলের অসহয় মানুষের কল্যাণে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি প্রতিবন্ধী শিশুদের খোঁজ-খবর নেন এবং তাঁদের সাথে কুশল বিনিময় করেন।
এ সময় জামায়াতে ইসলামীর বদরগঞ্জ উপজেলা আমীর মাওলানা মুহাম্মদ কামরুজ্জামান কবির সহ স্থানীয় নেতৃবৃন্দ এবং কর্মকর্তাগণ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন।
এটিএম আজহারুল ইসলাম এমপি বিকেলে বদরগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাগেরহাট হাইস্কুল মাঠে স্থানীয় ইউনিয়ন জামায়াতে ইসলামী আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আব্দুল মজিদ ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন।