রায়গঞ্জ (সিরাজগঞ্জ) উপজেলা সংবাদদাতা

সিরাজগঞ্জের রায়গঞ্জে সরকারি জলাশয়ের ইজারাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

সোমবার (২ মার্চ) সকাল সাড়ে ৭টা থেকে ৮টার মধ্যে উপজেলার ধামাইনগর ইউনিয়নের গোয়ালপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আব্দুস সালাম (৫৫), পিতা ময়দান আলী, এবং ইসমাইল হোসেন (৮০), পিতা মৃত মনছের আলী। তারা উভয়েই স্থানীয় বাসিন্দা।

স্থানীয় সূত্র জানায়, গোয়ালপাড়া এলাকার একটি সরকারি জলাশয়ের ইজারা নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার সকালে পুকুরে জাল টানাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয় এবং তা সংঘর্ষে রূপ নেয়। এতে বেশ কয়েকজন আহত হন।

গুরুতর আহতদের মধ্যে কয়েকজনকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যান। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।