পঞ্চগড় সংবাদদাতা
ধর্ষণের বিচার নিশ্চিত না হলে জনগণ রাস্তায় নামবে; সরকারকে বাধ্য করবে ন্যায় বিচার নিশ্চিত করতে।
গতকাল শনিবার দুপুরে পঞ্চগড় চেম্বার অব কমার্স ভবনে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা সেক্রেটারী মুহিববুল্লাহ মুহিবের সঞ্চলনায় ও ইসলামী ছাত্র শিবিরের পঞ্চগড় জেলা সভাপতি রাশেদ ইসলামের সভাপতিত্বে ইসলামী ছাত্র শিবির পঞ্চগড় জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত জেলার ৭ম-১০ম শ্রেণির মেধাবী শিক্ষার্থীদের সিঙ্গেল ডিজিট সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী জেনারেল সিবগাতুল্লাহ এসব কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে সংঘটিত অধিকাংশ ধর্ষণ ও হত্যাকান্ডের সঠিক বিচার হয়নি বলে দেশব্যাপি ধর্ষণের ঘটনা বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেন, ধর্ষণের ঘটনায় প্রভাবশালী ব্যক্তি বা রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকলে অনেক সময় বিচার প্রক্রিয়া থমকে যায়। দ্রুত বিচার না হওয়ায় ভুক্তভোগীরা ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন।
তিনি বলেন, সম্প্রতি শিশু রামিসা হত্যাকান্ড পুরো দেশের মানুষকে নাড়া দিয়েছে। শুধু রামিসা নয়, অতীতেও দেশে বহু ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। কিন্তু বিচার কার্যক্রম দীর্ঘসূত্রতায় পড়ে যাওয়ায় অপরাধীরা পার পেয়ে যায়।
তিনি আরো বলেন, আমরা বিশ্বাস করি বর্তমান সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেবে এবং কেউ যাতে ধর্ষণ করে পার পেতে না পারে তা নিশ্চিত করবে। অন্যথায় জনগণই এসব ঘটনার বিচার নিশ্চিত করতে রাজপথে নামতে বাধ্য হবে।