হরিরামপুর (মানিকগঞ্জ) সংবাদদাতা : তামাক চাষ স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর হওয়া সত্ত্বেও খরচ কম, ফলন বেশি এবং ভালো দাম পাওয়ায় মানিকগঞ্জের ঘিওরে সহ উপজেলার বিভিন্ন এলাকায় তামাক চাষে আগ্রহ বাড়ছে কৃষকের।

ঘিওর উপজেলাসহ মানিকগঞ্জে যেসব বিস্তীর্ণ জমিতে কয়েক বছর আগেও ধান, গম, ভুট্টাসহ নানা ফসলের আবাদ হতো সেখানে এখন আবাদ হচ্ছে শুধু তামাকের।

কৃষিজমিতে তামাক চাষের ফলে একদিকে কমে যাচ্ছে খাদ্যশস্য উৎপাদন, অন্যদিকে স্বাস্থ্যঝুঁকিসহ হুমকির মুখে পড়ছে পরিবেশ। ঘিওর উপজেলার আশাপুর এলাকায় সরেজমিনে যেয়ে দেখা যায়, দিগন্ত জোড়া শুধু তামাকের সবুজ সমারোহ।

কথা হয় ঘিওন উপজেলার আশাপুর গ্রামের তামাক চাষ আবুল কাশেম এর সাথে। তিনি বলেন,আমি তামাকের পাশাপাশি ভুট্টা, কাঁচা মরিচ সহ অন্যান্য ফসলাদি চাষ করে থাকি। এখানকার জমিতে তামাক ছাড়া অন্য কোন ফসল তেমন হয় না। ভুট্রা চাষে বিঘা প্রতি যে টাকা খরচ হয় তাতে লেবার খরচ বাদ দিয়ে খুব একটা লাভ পাওয়া যায় না। কিন্তু তামাকে সমস্ত খরচ বাদ দিয়াও কিছু লাভ থাকে। এই কারণে এই অঞ্চলের মানুষ তামাক চাষ করে থাকে।