মোংলা সংবাদদাতা: পূর্ব সুন্দরবনের শেলা নদীর মূর্তির খাল ও তৈয়বের খাল সংলগ্ন এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত করিম শরীফ বাহিনীর এক সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৪টার দিকে কোস্ট গার্ড বেইস মোংলা ও নলিয়ান ফাঁড়ি যৌথভাবে পরিকল্পিত অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয় এবং তার কাছ থেকে ৪টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটার বন্দুক, ১০ রাউন্ড তাজা গুলি, ১৭ রাউন্ড তাজা কার্তুজ এবং ১০ রাউন্ড ফাঁকা কার্তুজ উদ্ধার করা হয়।
আটক ব্যক্তি বাদশা শেখ (২৫)। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল থানায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে করিম শরীফ বাহিনীর সঙ্গে যুক্ত থেকে বনাঞ্চলে ডাকাতি কার্যক্রমে সহায়তা এবং অস্ত্র ও গোলাবারুদ সরবরাহে ভূমিকা পালন করছিলেন।
কোস্ট গার্ড সূত্রে জানা যায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু অসাধু চক্র সুন্দরবন এলাকায় সক্রিয় হওয়ার চেষ্টা করছে। এ পরিস্থিতিতে কোস্ট গার্ড পশ্চিম জোন নিয়মিত টহল ও বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করেছে। ইতোমধ্যে করিম শরীফ বাহিনীর পাঁচটি আস্তানা শনাক্ত করে ধ্বংস করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
সুন্দরবনের নদীপথ ও উপকূলীয় অঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষা এবং বনাঞ্চলকে দস্যুমুক্ত রাখতে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।