সুনামগঞ্জ সংবাদদাতা : প্রথম দিনেই জোরে-শোরে প্রচারণা শুরু করেছেন সুনামগঞ্জের পাঁচটি নির্বাচনী এলাকার আলোচিত প্রার্থীরা। পাঁচ আসনের ৪টিতে জামায়াত মেনোনীত প্রার্থীরা দাড়িপাল্লার পক্ষে প্রচারণা শুরু করেছেন। অপরদিকে বিএনপির পাঁচটি আসনের প্রার্থীরাই দলের চেয়ারম্যান তারেক রহমানের সিলেটের সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য দিয়েছেন। খেলাফত, স্বতন্ত্র এবং অন্য দলের প্রার্থীরাও নেমেছেন আনুষ্ঠানিক প্রচারণায়। তবে সুনামগঞ্জে এনসিপির কোন প্রার্থী না থাকায় জোটের ১০ দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন তারা।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, জামালগঞ্জ, তাহিরপুর ও মধ্যনগর) আসনের জামায়েত প্রার্থীর সমর্থনে নির্বাচনী এলাকার সকল বাজারে বিকাল চারটায় একযোগে মিছিল হয়েছে। দলীয় প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান তাহিরপুরের প্রচারণায় অংশ নিয়েছেন।

সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে জামায়াতের প্রার্থী শিশির মনির দিরাই উপজেলার সরমঙ্গলে গণসংযোগ করেছেন। বিকেলে সাতপাড়া বাজারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দিয়েছেন তিনি।

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুরশান্তিগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার আনোয়ার হোসেন নির্বাচনী এলাকার পূর্ব বীরগাঁও ইউনিয়নের করেরগাঁওয়ে গণসংযোগ ও প্রচারপত্র বিলি করেন। বিকেলে ডুংরিয়া গ্রামে জনসভায় বক্তব্য দেন। এই আসনের জামায়াত নেতৃত্বাধীন ১০ দলীয় প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মাওলানা শাহীনুর পাশা চৌধুরী জগন্নাথপুর পৌর পয়েন্ট থেকে প্রচারপত্র বিতরণ শুরু করেন। ওখানে ঝটিকা মিছিলও বের করেন শাহীনুর পাশার সমর্থকরা। আরেক আলোচিত প্রার্থী দশ দলীয় জোটের শরিক এবি পার্টির নেতা সৈয়দ তালহা আলমও জগন্নাথপুর পৌর এলাকায় প্রচারপত্র বিতরণ করেন। সুনামগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জয়নুল জাকেরীন তাঁর নিজের গ্রাম তেঘরিয়ার ঘরে ঘরে গণসংযোগের মধ্য দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এই আসনের জামায়েত প্রার্থী অ্যাড. শামছ উদ্দিন প্রচারণা শুরু করেছেন গৌরারং ইউনিয়ন থেকে। তিনি ওই ইউনিয়নে প্রচারপত্র বিতরণ ও সভা করেছেন। সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারা) জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আবু তাহির মুহাম্মদ আব্দুস সালাম ছাতক শহরের কোর্ট রোডের দলীয় কার্যালয় থেকে বিকেল চারটায় প্রচার মিছিল বের করেন। একই সময়ে গোবিন্দগঞ্জ পয়েন্টে তাঁর সমর্থনে প্রচার মিছিল হয়।