জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১নং কলকলি ইউনিয়নের বড় মোহাম্মদপুর গ্রামে পূর্ব শত্রুতার জেরে এক পরিকল্পিত ও বর্বরোচিত হামলার ঘটনা ঘটেছে। দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে একদল লোক একটি বসতবাড়িতে অনধিকার প্রবেশ করে নারীসহ একই পরিবারের একাধিক সদস্যকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করেছে। গত ২৮ মে তারিখ সকাল আনুমানিক ৮:০০ ঘটিকায় এই নৃশংস হামলার ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে ও থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, বড় মোহাম্মদপুর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র মোঃ বাচ্চু মিয়া (৪০) ও তার পরিবারের সাথে এলাকার আজিজুল ইসলাম (৪৫) ও জয়নাল আবেদীন (৫০) গংদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে পূর্ব থেকেই বিরোধ চলে আসছিল। ঘটনার দিন সকালে বাচ্চু মিয়ার পরিবার আসন্ন কুরবানির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ আজিজুল ইসলাম ও জয়নাল আবেদীনের নির্দেশে রামদা, সুলফি, স্টিলের পাইপ, লোহার রড ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে প্রায় ২১ জন নামধারী এবং অজ্ঞাতনামা আরও কয়েকজন বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে বাচ্চু মিয়ার বসতবাড়িতে অতর্কিত হামলা চালায়।
হামলাকারীরা বাড়িতে প্রবেশ করেই প্রাণনাশের উদ্দেশ্যে উপর্যুপরি আঘাত শুরু করে। এ ঘটনায়, বাচ্চু মিয়া(৪০), মোছাঃ সুফিয়া বেগম (৬০), মোঃ কাউছার মিয়া (২২), মোঃ আব্দুল হাকিম (৪০), আব্দুল মুকিত (৩৯) সহ আরও কয়েকজন লাঠিসোটা ও পাইপের এলোপাতাড়ি আঘাতে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখমপ্রাপ্ত হন। এক পর্যায়ে হামলাকারীরা গামছা দিয়ে শ্বাসরোধ করে মাটিতে ফেলে হত্যার চেষ্টাও চালায়।
হামলা চলাকালীন ভুক্তভোগীদের আর্তচিৎকার শুনে আশেপাশের লোকজন ও সাক্ষীরা এগিয়ে আসলে হামলাকারীরা ভুক্তভোগী পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের সিলেট এম.এ.জি. ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এই ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় চরম উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে। ভুক্তভোগীরা চিকিৎসায় ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানা গেছে। আহতদের পরিবারের পক্ষ থেকে মোঃ বাচ্চু মিয়া বাদী হয়ে ২১ জনকে সুনির্দিষ্টভাবে অভিযুক্ত করে জগন্নাথপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি জানান,আজিজুল ইসলাম ও জয়নাল আবেদীন বিভিন্ন সময়ে আমার পারিবারিক সদস্যদের মধ্যে বিরোধ ও ভুল বোঝাবুঝির সৃষ্টি করিয়া দীর্ঘদিন যাবৎ আমার ক্ষতিসাধনের চেষ্টা করিয়া আসিতেছে।
ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ‘‘অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’’