বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও কক্সবাজার-২ (মহেশখালী-কুতুবদিয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, জনগণ এখন বাংলাদেশে নতুন শাসন ব্যবস্থা ও অর্থনৈতিক সমৃদ্ধি দেখতে চায়। বিগত ৫৪ বছরের ব্যর্থতাকে পিছনে ফেলে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।
গতকাল শনিবার সকালে বড়ঘোপ ইউনিয়ন নির্বাচনী গণসংযোগকালে এই মন্তব্য করেন তিনি।
ড. হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের জনগণ আর কোনো নতুন স্বৈরাচার কিংবা কর্তৃকবাদী শাসন ব্যবস্থা দেখতে চায় না। জনগণ গণতন্ত্র, ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা প্রতিষ্ঠিত দেখতে চায়। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা থেকে মানুষ শিক্ষা নিয়েছে। ক্ষমতা টিকিয়ে রাখতে জনগণের কণ্ঠরোধ, বিরোধী মত দমন ও ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি জনগণ আর মেনে নেবে না। রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করাই এখন সময়ের দাবি।
তিনি আরও বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে। তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকার রক্ষায় সোচ্চার হওয়ার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তিই সকল স্বৈরাচারের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রতিরোধ।
এসময় ড. হামিদুর রহমান আযাদ কুতুবদিয়ায় দীর্ঘদিনের সমস্যার কথা তুলে ধরেন। তিনি বলেন এখানে মানুষের জীবন-জীবিকার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হলো বেরিবাঁধ ও ফেরিঘাট না থাকা। তিনি এসব সমস্যার স্থায়ী সমাধানেরও দৃঢ় আশ্বাস প্রদান করেন।
এসময় জামায়াতের কক্সবাজার জেলা সহকারী সেক্রেটারী শামসুল আলম বাহাদুর, কুতুবদিয়া উপজেলা আমীর আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, বড়ঘোপ ইউনিয়ন সভাপতি আহমদ নুর, সেক্রেটারি শামসুল আলম, ছাত্রনেতা মতিউর রহমানসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।