শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা: ঝিনাইদহের শৈলকুপায় জমিজমা সংক্রান্ত ও প্রেমঘটিত বিরোধের জেরে স্বজনদের মারধরে কেসমত আলী (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। ১৯ ফেব্রুয়ারি ২০২৬, বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে ১নং ত্রিবেণী ইউনিয়নের জয়ন্তীনগর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেসমত আলী ওই গ্রামের মৃত সিরাজ সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, কেসমত আলীর মেয়ে তহমিনা খাতুনের সাথে তার ভগ্নিপতি নবিস উদ্দিনের বড় ছেলে জসিম উদ্দিনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল সেই সাথে জমি জমার বিরোধ ছিল বিদ্যমান। এরই জের ধরে দুই পরিবারের মধ্যে দীর্ঘকাল তিক্ততা ও বিবাদ চলে আসছিল। আজ সকালে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে কেসমত আলীর ওপর চড়াও হন তার আপন ভগ্নিপতি নবিস উদ্দিন (৫৫) ও ভাগ্নে রফিকুল ইসলাম (২২)। তাদের অতর্কিত কিল-ঘুষিতে কেসমত আলী গুরুতর অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

ঘটনার পর শৈলকুপা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ঘাতক ভগ্নিপতি ও ভাগ্নে কে আটক করে। শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির মোল্লা জানান, ভগ্নিপতি ও ভাগ্নে কে আটক করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।