কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ার কসবায় জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে রতন মিয়া (৫০)-কে পিটিয়ে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে তার ভাতিজা ও সহযোগীরা। কসবা পৌরসভার আড়াইবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মো. রতন মিয়া আড়াইবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে। পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, রতন মিয়ার সঙ্গে তার ভাতিজাদের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। স্থানীয়ভাবে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি।

বিকাল আনুমানিক ৩টার দিকে রতন মিয়া জমিতে কাজ করতে গেলে তার ভাতিজা রিফাত (৩২), সিফাত (২৪) এবং তাদের খালাতো ভাই উপজেলার গোপীনাথপুর গ্রামের সামির (১৮) লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, তারা প্রথমে লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করে এবং পরে ধারালো কাঁচি দিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠান। তবে অতিরিক্ত রক্তক্ষরণের কারণে পথিমধ্যে তার মৃত্যু হয়।