কুড়িগ্রামে জামায়াত আমিরের অপেক্ষায় কানায় কানায় পূর্ণ সমাবেশ মাঠ। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) কুড়িগ্রাম আসছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হচ্ছে। জামায়াতসহ ১১ দলীয় নেতারা মঞ্চে অবস্থান করছেন। কলেজ মাঠে করা সভাস্থল ছাপিয়ে মানুষ আশপাশের এলাকা ও মহাসড়কে অবস্থান নিয়েছে।

সরেজমিনে দেখা গেছে, মঙ্গলবার সকাল থেকে দলীয় কর্মী সমর্থকরা জেলার ৯টি উপজেলা থেকে আসতে থাকে। তবে জনস্রোত শুরু হয় সকাল ৮টার পর থেকে। বিভিন্ন ইউনিয়ন, উপজেলা থেকে মিছিল নিয়ে আসতে থাকে নেতাকর্মীরা। ধীরে ধীরে জনসমাগমে পরিপূর্ণ হয়ে যায় মাঠ। এরপর আশপাশের সড়ক ও মহাসড়কেও মানুষের অবস্থান দেখা যায়।

কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে ও জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এর সঞ্চালনায় জনসভায় উপজেলা ও জেলা জামায়াতের নেতৃবৃন্দ এবং ১১ দলীয় জোটের নেতারা অংশ নিয়েছেন এবং বক্তব্য রাখছেন।

জনসভা নিয়ে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন জামায়াতে ইসলামী ও ঐক্যের সহযোগীরা। এদিন ১১টায় এখানেই জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান এই সমাবেশে বক্তব্য রাখবেন।

এছাড়াও জুলাই আন্দোলনে নেতৃত্ব প্রদানকারী দল ও ১১ দলীয় ঐক‍্যজোটের অন‍্যতম শরীক এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, দক্ষিনাঞ্চলের স্বমন্নয়ক হাসনাত আব্দুল্লাহ ও ডাকসুর ভিপি সাদিক কায়েম জনসভায় উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

এবিষয়ে কুড়িগ্রাম জেলা জামায়াতে আমির ও কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য অধ্যাপক আজিজুর রহমান সরকার বলেন, জনসভার জন্য কুড়িগ্রামের সর্ববৃহথ ভেন্যুটি বেছে নেওয়া হয়েছে, যেখানে লাখো মানুষ উপস্থিত হয়ে দাঁড়িপাল্লা ও ১১ দলীয় জোটের পক্ষে সমর্থন জানাতে এসেছেন। এটি শুধু জনসভা নয়, লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে রূপ নিচ্ছে। সেভাবেই প্রস্তুতি আগে থেকে নেওয়া ছিল।

উল্লেখ্য, কুড়িগ্রামের সংসদীয় ৪টি আসনের মধ্যে কুড়িগ্রাম-১ আসনে জামায়াতের প্রার্থী অধ‍্যাপক আনোয়ারুল ইসলাম, কুড়িগ্রাম-২ এনসিপির ড. আতিক মুজাহিদ, কুড়িগ্রাম-৩ আসনে জামায়াত প্রার্থী ব‍্যারিস্টার মাহবুব আলম সালেহী ও কুড়িগ্রাম-৪ আসনে জামায়াত প্রার্থী মোস্তাফিজুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন।