বাংলাদেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে গবেষণার অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) ছয় দিনব্যাপী ‘বার্ষিক গবেষণা পর্যালোচনা কর্মশালা ২০২৪-২৫’ আয়োজন করতে যাচ্ছে। বৃহস্পতিবার সকালে গাজীপুরে ব্রি সদর দপ্তরের মিলনায়তনে এ কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। ব্রির মহাপরিচালক ড. মোহাম্মদ খালেকুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. মো. আবদুছ ছালাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুর রহিম।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি জিয়াওকুন শি, স্কেলিং ফর ইমপ্যাক্ট প্রোগ্রাম সিজিআইএআর-এর ডাইরেক্টর ড. টিমোথি জে. ক্রুপনিক এবং আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের বাংলাদেশ প্রতিনিধি ড. হোমনাথ ভান্ডারি।

কর্মশালায় ২০২৪-২৫ অর্থবছরের গবেষণা অগ্রগতি ও অর্জন উপস্থাপন করবেন ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম। অনুষ্ঠানের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করবেন পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মুন্নুজান খানম।