আবু সাবেত, নিউইয়র্ক প্রতিনিধি

নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর ক্যাথি হোকুল সোমবার ঘোষণা করেছেন যে, আগামী দুই বছরে নিউ ইয়র্ক সিটির বাজেট ঘাটতি মোকাবিলায় মেয়র জোহরান মামদানির প্রশাসনকে অতিরিক্ত ১.৫ বিলিয়ন ডলার সহায়তা দেবে রাজ্য সরকার।

হোকুল এক বিবৃতিতে বলেন, এই নতুন তহবিল ‘নগর সেবাগুলোকে সুরক্ষা দেবে এবং সিটিকে আর্থিকভাবে স্থিতিশীল অবস্থানে রাখবে,’ যখন মামদানির বাজেট প্রণয়নকারীরা প্রায় ৭ বিলিয়ন ডলারের রাজস্ব ঘাটতি নিয়ে কাজ করছেন। তিনি আরও বলেন, একটি শক্তিশালী নিউ ইয়র্ক সিটি মানেই একটি শক্তিশালী নিউ ইয়র্ক অঙ্গরাজ্য। নিউ ইয়র্কবাসী আশা করে রাজ্য ও সিটি একসঙ্গে কাজ করবে এবং কর্মজীবী পরিবারগুলোর জন্য কাজ করতে পেরে আমি গর্বিত।

এই সহায়তার ঘোষণা আসে এমন এক সময়ে, যখন মামদানি অ্যালবানিতে গিয়ে রাজ্য আইনসভায় অতিরিক্ত অর্থ বরাদ্দের অনুরোধ করেন। তিনি ব্যবসা প্রতিষ্ঠান ও ধনী পরিবারগুলোর ওপর কর বাড়ানোর অনুমতি চেয়েছেন, যাতে বাজেট ঘাটতি কমানো এবং তার সামাজিক কর্মসূচিগুলো বাস্তবায়ন করা যায়।

গভর্নর হোকুল জানান, আগামী দুই বছরে ধাপে ধাপে এই অর্থ বরাদ্দ করা হবে। এর মধ্যে ৫১০ মিলিয়ন ডলার ব্যয় হবে জনস্বাস্থ্য ও যুব কর্মসূচির খরচ মেটাতে, যা আগে রাজ্য বহন করলেও এখন সিটির ওপর স্থানান্তর করা হয়েছে। এছাড়া আরও ৫০০ মিলিয়ন ডলার ‘সমন্বিত অগ্রাধিকারমূলক খাতে’ ব্যয় করা হবে।

মামদানি গভর্নরের সহায়তাকে স্বাগত জানিয়ে বলেন, তিনি আশাবাদী যে এটি সিটি হল ও অ্যালবানির মধ্যে “একটি নতুন, ফলপ্রসূ ও ন্যায্য সম্পর্কের সূচনা” করবে। তিনি বলেন, কর্মজীবী নিউইয়র্কবাসী এই বাজেট সংকট সৃষ্টি করেনি, এবং তাদেরই এর মূল্য পরিশোধ করা উচিত নয়। পূর্ববর্তী প্রশাসনের দীর্ঘদিনের আর্থিক অব্যবস্থাপনার পর আমাদের শহর দায়িত্বশীল ও সমন্বিত নেতৃত্বের দাবিদার।

আগে মামদানির প্রশাসন ধারণা দিয়েছিল যে আগামী দুই বছরে বাজেট ঘাটতি ১২.৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে, তবে পরে তা সংশোধন করে প্রায় ৭ বিলিয়ন ডলারে নামিয়ে আনা হয়েছে। মামদানি নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) বা অন্যান্য নগর সেবায় কাটছাঁটের সম্ভাবনা নাকচ করেছেন, তবে বাজেট ভারসাম্য রক্ষায় ঘাটতি পূরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেছেন।

এর আগে হোকুল নিউইয়র্ক সিটিতে দুই বছর বয়সী শিশুদের জন্য বিনামূল্যে শিশুযতœ কর্মসূচি চালুর অংশ হিসেবে ১.৭ বিলিয়ন ডলার বরাদ্দ দিয়েছিলেন, যা রাজ্যজুড়ে সার্বজনীন শিশুযতœ সম্প্রসারণ পরিকল্পনার অংশ।

ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট ও সাবেক কুইন্স অ্যাসেম্বলিম্যান মামদানি শহরের শীর্ষ আয়কারীদের ওপর নতুন সম্পদ কর আরোপ এবং বড় করপোরেশনগুলোর ওপর কর বাড়ানোর প্রস্তাব দিয়েছেন। তার কর্মসূচির মধ্যে রয়েছে টিউশন-ফ্রি কলেজ শিক্ষা, বিনামূল্যে বাস পরিষেবা এবং সরকার পরিচালিত মুদি দোকান স্থাপন।

এক সাম্প্রতিক টাউন হল বৈঠকে মামদানি বলেন, আমরা প্রতিটি বিকল্প ব্যবহার করব, যাতে স্পষ্ট হয় যে এখন সময় এসেছে সিটি, তার সবচেয়ে ধনী বাসিন্দা, লাভজনক করপোরেশন এবং অ্যালবানির সঙ্গে সম্পর্ক নতুনভাবে পুনর্গঠনের।

তবে গভর্নর হোকুল আগামী অর্থবছরের বাজেট প্রস্তাবে কর বৃদ্ধি সমর্থন করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন, যদিও সার্বজনীন শিশুযতœ সম্প্রসারণের অর্থ জোগাতে কর বৃদ্ধির সম্ভাবনা পুরোপুরি নাকচ করেননি। উল্লেখ্য, নিউইয়র্ক অঙ্গরাজ্য নিজেও আগামী অর্থবছরে ১০ বিলিয়ন ডলারের বেশি বাজেট ঘাটতির মুখোমুখি, যা ফেডারেল ব্যয় কমানো ও তহবিল স্থগিতের কারণে আরও বেড়েছে।