চুয়াডাঙ্গা সংবাদদাতা : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুই আসনে জামানত হারালেন ইসলামী আন্দোলন বাংলাদেশের দুই প্রার্থী। নির্বাচন কমিশনের ঘোষিত বেসরকারি ফলাফলে দেখা গেছে, চুয়াডাঙ্গা-১ ও ২ আসনে দলটির প্রার্থীরা নির্বাচনী এলাকায় যত ভোট পড়ে তার শতকরা সাড়ে ১২ শতাংশ ভোট পেতে ব্যর্থ হওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছে।
চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী জহুরুল ইসলাম আজিজী উল্লেখযোগ্য সংখ্যক ভোট পেলেও তা জামানত রক্ষার জন্য প্রয়োজনীয় সীমা অতিক্রম করতে পারেননি। একইভাবে চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের মনোনীত প্রার্থী হাসানুজ্জামান সজীব প্রত্যাশিত ফল অর্জন করতে ব্যর্থ হন। ফলে নির্বাচন বিধি অনুযায়ী উভয় প্রার্থীর জামানত হারান। জামানত হারানোর বিষয়টি নিশ্চিত করে জেলা নির্বাচন কর্মকর্তা আহম্মদ আলী জানান, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীদের মধ্যে যারা মোট বৈধ ভোটের শতকরা সাড়ে ১২ শতাংশ কম ভোট পান, তাদের জামানত ফেরত দেওয়া হয় না। এ বিধান অনুযায়ী ইসলামী আন্দোলনের দুই প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে।