হত্যা মামলার আসামী হয়ে প্রায় আট বছর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে পলাতক থাকার পর দেশে ফিরে অস্ত্র কেনাবেচায় জড়িত থাকার অভিযোগে ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) এক সাবেক ক্যাডারকে গ্রেফতার করেছে রর্‌্যাব-৭, চট্টগ্রাম।

গত মঙ্গলবার রাতে নগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন আরেফিন নগর লিঙ্ক রোড এলাকা থেকে ইমতিয়াজ সুলতান ইকরাম (২৭) নামের ওই ব্যক্তিকে তার সহযোগীসহ আটক করা হয়। ইকরাম নগরীর পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেট এলাকার মো. ইসহাক মিয়ার ছেলে।

রর্‌্যাব জানায়, ইকরামের সঙ্গে তার ব্যক্তিগত গাড়ির চালক আবুল কামাল আজাদ (৬২)কেও গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় ও পরবর্তীতে ইকরামের বাসায় অভিযান চালিয়ে ৭.৬৫ বোরের দুটি বিদেশী পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ৫৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে রর্‌্যাবের চট্টগ্রাম অঞ্চলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অস্ত্র কেনাবেচার সময় তাদের আটক করা হয়। তিনি বলেন, প্রায় আট বছর আগে ইকরাম আওয়ামী লীগের চট্টগ্রাম নগর কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী ছিলেন। ছাত্রলীগের ক্যাডার পরিচয়ে তিনি ‘রিচ কিডস’ নামে একটি কিশোর গ্যাং পরিচালনা করতেন বলেও অভিযোগ রয়েছে।

র‌্যাব সূত্রে জানা যায়, ২০১৭ সালে চট্টগ্রামে স্কুলছাত্রী তাসফিয়া আমিন হত্যা মামলায় আসামী হওয়ার পর ইকরাম দুবাইয়ে পালিয়ে যান। সেখানে অবস্থানকালে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী বড় সাজ্জাদের সঙ্গে তার ঘনিষ্ঠতা গড়ে ওঠে। বিদেশে অবস্থান করেই তিনি চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী, অক্সিজেন ও মুরাদপুর এলাকার বিভিন্ন ব্যবসায়ীর কাছে বিদেশী নম্বর ব্যবহার করে চাঁদা দাবি করতেন বলে অভিযোগ রয়েছে।