পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের গুণগতমান নিশ্চিত ও মূল্য স্থিতিশীল রাখতে গাজীপুরে বাজার তদারকি আরও জোরদার করেছে জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় সোমবার শ্রীপুর উপজেলার মাওনা বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত ও বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযানকালে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর ৩২(১) ধারা লঙ্ঘনের দায়ে ৪৮ ধারায় ২টি মামলায় মোট ৬ হাজার ৫০০ টাকা এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০-এর ১৪ ধারায় ৩টি মামলায় মোট ৬ হাজার টাকা অর্থদণ্ড আরোপ ও তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেটরা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে ও সঠিক ওজনে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো, মানসম্মত পণ্য সংরক্ষণ ও বিক্রয় নিশ্চিত করা এবং সরকারের প্রচলিত আইন-কানুন মেনে ব্যবসা পরিচালনার বিষয়ে কঠোরভাবে নির্দেশনা দেন। একই সঙ্গে ক্রেতা-বিক্রেতাসহ সংশ্লিষ্ট সবাইকে ভোক্তা অধিকার বিষয়ে সচেতন করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেসমিন আক্তার, মোঃ সালেহুর রহমান এবং মাসফিকুর রহমান আবরার। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজানজুড়ে নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখতে ও ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান ও মনিটরিং কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।