সাতকানিয়া সংবাদদাতা
সাতকানিয়া-লোহাগাড়া আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, তাঁর বা তাঁর দলের নাম ভাঙিয়ে কেউ যদি কোনো অপকর্ম বা প্রভাব বিস্তারের চেষ্টা করে, তবে তাকে দ্রুত আইনের আওতায় আনতে হবে। এমন শাস্তির ব্যবস্থা করতে হবে, যা দৃষ্টান্ত হয়ে থাকে।
গতকাল সোমবার দুপুরে সাতকানিয়া উপজেলা পরিষদ হলরুমে বিভিন্ন দপ্তরে কর্মরত কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় শাহজাহান চৌধুরী আরও বলেন, তিনি দল-মত নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে সাতকানিয়া-লোহাগাড়াকে একটি মডেল এলাকায় পরিণত করতে চান। এ ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের আন্তরিক সহযোগিতা অপরিহার্য। তিনি বলেন, এলাকার মানুষ যেন সহজে ও হয়রানিমুক্তভাবে সরকারি সেবা পায়, সে বিষয়ে সংশ্লিষ্টদের সর্বোচ্চ সচেষ্ট থাকতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য, পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) শামসুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা প্রকৌশলী সবুজ কুমার দে, দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সালাহ উদ্দিন চৌধুরী, উপজেলা জামায়াতের সাবেক আমির ডা. নুরুল হক, সেক্রেটারি তারেক হোসাইন, সাতকানিয়া পৌরসভা জামায়াতের আমীর মো. শাহ আলম ও সেক্রেটারি মাস্টার জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।