নির্বাচন ও গণভোটের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ এবং অংশগ্রহণমূলক হওয়ায় বাংলাদেশকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এছাড়াও নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) বাংলাদেশকে অভিনন্দন জানানোর পাশাপাশি বাংলাদেশের সাথে কাজ করতে আগ্রহী বলে জানায়। গতকাল শনিবার জাতিসংঘ এক বার্তায় এই অভিনন্দন জানিয়েছে।

জাতিসংঘ এক বার্তায় উল্লেখ করা হয়, মহাসচিব সব রাজনৈতিক স্টেকহোল্ডারকে গতিশীলতা গড়ে তুলতে উৎসাহিত করেন, যাতে জাতীয় ঐক্য জোরদার করা যায়, গণতান্ত্রিক রীতিনীতি এবং আইনের শাসন, সংখ্যালঘুদের রক্ষা করার পাশাপাশি সব নাগরিক যেন তাদের মানবাধিকার পূর্ণ উপভোগ নিশ্চিত করতে পারে। বাংলাদেশ যেহেতু তার উত্তরণে (এলডিসি থেকে) অগ্রসর হচ্ছে এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কারের চেষ্টা করছে। নির্বাচনে বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছে-ব্রাসেলস: ইইউ বলছে, এবারের নির্বাচনে বাংলাদেশের বিপুল সংখ্যক মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পেরেছে।

গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) ব্রাসেলস এক বিবৃতিতে নির্বাচন নিয়ে তাদের মূল্যায়ন ব্যক্ত করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ইইউ একটি নির্বাচন পর্যবেক্ষণ মিশন মোতায়েন করেছে, যা ১৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে তাদের প্রাথমিক ফলাফল উপস্থাপন করেছে; যেখানে উল্লেখ করা হয়েছে, নির্বাচন বিশ্বাসযোগ্য এবং দক্ষতার সঙ্গে পরিচালিত হয়েছে, যা গণতান্ত্রিক শাসন ও আইনের শাসন পুনরুদ্ধারের দিকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। ইইউ মিশনের চূড়ান্ত প্রতিবেদন এ বছরের শেষের দিকে প্রকাশিত হবে।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আমরা স্টেকহোল্ডারদের গণভোটে জনসমর্থন প্রকাশ করা সাংবিধানিক, বিচারিক এবং অন্যান্য গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নের জন্য একসঙ্গে কাজ করার আহ্বান জানাই। এ ক্ষেত্রে নতুন সংসদের গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখযোগ্য।

ইইউ বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার জন্য কাজ করতে উন্মুখ এবং গণতান্ত্রিক নীতি মানবাধিকার ও আইনের শাসনের প্রতি শ্রদ্ধার ভিত্তিতে সংস্কারগুলিকে সমর্থন করতে প্রস্তুত। অভিন্ন অগ্রাধিকার নিয়ে নতুন সরকারের সঙ্গে কাজ করবে যুক্তরাজ্য: অভিন্ন অগ্রাধিকার নিয়ে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাজ্য। গতকাল শনিবার নির্বাচন নিয়ে যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তর (এফসিডিও) এক বিবৃতিতে এ আগ্রহের কথা জানায়।

বিবৃতিতে এফসিডিওর একজন মুখপাত্র বলেন, আমরা গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের সংসদীয় নির্বাচনকে স্বাগত জানাই। শান্তিপূর্ণ নির্বাচনী প্রক্রিয়া চূড়ান্ত ফলাফল দিয়েছে। এটি বাংলাদেশের উচ্চাকাঙ্ক্ষা ও বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের প্রতিনিধিত্ব করে। তিনি বলেন, আমরা নতুন সরকারের গণতান্ত্রিক, অর্থনৈতিক ও সামাজিক সংস্কারের অপেক্ষায় রয়েছি। অর্থনৈতিক প্রবৃদ্ধি, অভিবাসন, জলবায়ু ও নিরাপত্তার ক্ষেত্রে আমাদের অভিন্ন অগ্রাধিকারে আমরা বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করব।