মাগুরা সংবাদদাতা

মাগুরার সংসদীয় দুই আসনে দলীয় প্রার্থীদের বিজয় নিশ্চিত করতে মাঠে নেমেছে জামায়াতে ইসলামীর বিশাল নারী বাহিনী। জেলা জামায়াতের মহিলা বিভাগের অন্তর্ভুক্ত প্রায় ৪৮ হাজার সুশৃঙ্খল নারী কর্মী হিন্দু-মুসলিম নির্বিশেষে প্রতিটি বাড়ির নারীদের লক্ষ্য করে সংগঠিতভাবে ভোট সংগ্রহে নেমেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

জেলার সংসদীয় মাগুরা-১ আসনে বিএনপি শক্তিশালী প্রার্থী জেলা বিএনপি সদস্য সচিব মনোয়ার হোসেন খান এবং মাগুরা-২ আসনে সাবেক মন্ত্রী এডভোকেট নিতাই রায় চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন যথাক্রমে কেন্দ্রীয় সুরা সদস্য আব্দুল মতিন এবং জেলা জামায়াতের আমির মুশতারশেদ বিল্লাহ বাকের।

মাগুরা-১ আসনের দরিমাগুরা দোয়ারপাড়া এলাকার কয়েকটি পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্য কোনো দলের পক্ষে যেখানে একবারও কেউ ভোট চাইতে আসেনি, সেখানে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে নারী কর্মীরা একাধিকবার পালাক্রমে হাজির হচ্ছেন।

ওই এলাকার বাসিন্দা ফাহমিদা সুলতানা বলেন, আমাদের পরিবার বরাবরই বিএনপিকে ভোট দিয়ে থাকে। তবু জামায়াতের নারীরা আমাদের বাড়ির ভোটও বের করবার চেষ্টা করছে। ‘জামায়াত প্রার্থীর প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলামের পক্ষে থাকা হবে, ইসলামের শাসন নিশ্চিত হবেÑ এমন কথা বলে তারা আমাদের কাছে ভোট চাইছেন।’

মাগুরা-২ আসনের শালিখা উপজেলার শতখালি এলাকার আফরোজা বেগম জানান, ‘আমাদের এলাকায় আব্দুর রহিম ও বাবর আলির স্ত্রীসহ ৪-৫ জন জামায়াতের কর্মী বাড়িতে এসে ভোট চেয়েছেন।’

তারা বলেছেন, ‘একদিন সবাইকে মরে যেতে হবে। ভালো কাজে পরকালে যাতে বেহেস্ত পাওয়া যায়। সেই হিসেবে অন্তত একটি ভালো কাজ হবে ইসলামের পক্ষের দল জামায়াতের দাঁড়িপাল্লায় ভোট দিলে।’