কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় নবনির্বাচিত এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ সম্মানে গণসম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ফেব্রুয়ারি সোমবার বিকালে কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনে নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ বলেছেন, মহান আল্লাহতালা এ বিজয়ে আমাদেরকে আরো মানুষের কাছাকাছি আসার সুযোগ করে দিয়েছেন। সাথে সাথে সেই মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। তালা-কলারোয়ার জনগণ হামলা- মামলা সহ সকল ভয়ভীতি ও রক্ত চক্ষুকে উপেক্ষা করে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে এক নজিরবিহীন ইতিহাস সৃষ্টি করেছেন। কলারোয়া সরকারি পাইলট হাইস্কুল ফুটবল ময়দানে অনুষ্ঠিত গণসম্বর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, নির্বাচনের আগে আমি একটি দলের প্রার্থী হিসেবে নির্বাচন করেছি কিন্তু সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর আমি শুধু একটি দলের নয়, দলমত নির্বিশেষে সকলের এমপি। আমরা সকলে মিলে মিশে দলমত নির্বিশেষে জনগনকে সাথে নিয়ে উন্নয়নমূলক কাজ করতে চায়। আগামী দিনে আপনাদের সহযোগিতা কামনা করছি।

কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা কামরুজ্জামান এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত গণসম্বর্ধনা অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা ওসমান গনি, জেলা নায়েবে আমীর ডাঃ মাহমুদুল হক, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা ওমর আলী, কলারোয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, অধ্যক্ষ মাওলানা আম্মাদ আলী, অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু ও মাষ্টার শওকত আলী সহ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ।