কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা : কুষ্টিয়ার কুমারখালীতে এক ছাত্রশিবির কর্মী ও মসজিদের ইমামের উপর হামলা হয়েছে। দুর্বৃত্তরা রড ও কাঠের বাটাম দিয়ে আঘাত করে। গত রবিবার দিনগত (১৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ৯টার দিকে উপজেলার যদুবয়রা ইউনিয়নের নিদেনবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাম আসলাম উদ্দিন (২১)। তিনি যদুবয়রা ইউনিয়নের কেশবপুর গ্রামের মিনহাজ উদ্দিনের ছেলে এবং জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদের ইমাম।
জানা গেছে, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ছাত্রশিবির কর্মী হিসেবে ৬টি ভোট কেন্দ্রের দাঁয়িত্বে ছিলেন বলে। বর্তমানে এই ইমাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ বিষয়ে আহত ইমাম আসলাম উদ্দিন বলেন, ‘এশার নামাজ শেষে বাড়িতে ফিরছিলাম। পথিমধ্যে বাবুর কাঠ পরিমাপ যন্ত্র এলাকায় দুইটি মোটরসাইকেলে চার থেকে পাঁচজন লোক এসে তাকে পথ অবরোধ করে এবং রড ও কাঠের বাটাম দিয়ে শরীরের বিভিন্ন স্থানে বেধরক মারপিট করে দ্রুত চলে যায়। হামলাকারীদের কারো মুখ বাঁধা এবং কারো মুখে মাস্ক পড়া ছিল।’ ছাত্রশিবিরের এই কর্মী বলেন, ‘সংসদ নির্বাচন ছাত্রশিবিরের কর্মী হিসেবে যদুবয়রার ৬টি কেন্দ্রের দাঁয়িত্ব ছিলাম। প্রতিপক্ষের লোকজন ভোটে হেরে গিয়ে হামলা চালাতে পারেন। হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জোতমোড়া দক্ষিণপাড়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মুঠোফোনে বলেন, এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা ইমাম সাহেবের ওপর হামলা চালিয়েছে। তার পিঠে, হাতে, পায়ের মাংসপেশি ও কপালে আঘাতের চিহৃ রয়েছে। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন বলেন, এক মসজিদের ইমামের ওপর হামলার খবর পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।