সাতকানিয়া সংবাদদাতা

বাংলাদেশ জামায়াতে ইসলামীর পার্লামেন্টারি বোর্ডের সেক্রেটারি ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী বলেছেন, গ্রাম পুলিশ সদস্যরা দায়িত্বশীল ও সততার সঙ্গে কাজ করলে সমাজের অধিকাংশ অপরাধ উল্লেখযোগ্যভাবে কমে আসবে। তিনি বলেন, গ্রাম পুলিশ হচ্ছে তৃণমূলের নিরাপত্তা ব্যবস্থার প্রথম সারির শক্তি। তাদের কার্যকর ভূমিকা নিশ্চিত করা গেলে চাঁদাবাজি, অস্ত্রবাজি ও মাদক সংশ্লিষ্ট অপরাধ দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।

গত মঙ্গলবার বিকেলে সাতকানিয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে গ্রাম পুলিশ সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানাতে এলে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি গ্রাম পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, জনগণের আস্থা অর্জনই আপনাদের সবচেয়ে বড় শক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, অবহেলা বা পক্ষপাতিত্ব যেন না থাকে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে।

তিনি আরও বলেন, গ্রাম পুলিশকে আধুনিক প্রশিক্ষণ, প্রয়োজনীয় সরঞ্জাম ও প্রাতিষ্ঠানিক সহায়তা দিলে তারা আরও দক্ষতার সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখতে পারবে। সরকারের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য বাস্তবায়নে গ্রাম পুলিশের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য বলেও তিনি উল্লেখ করেন।

শাহজাহান চৌধুরী বলেন, অপরাধীদের রাজনৈতিক পরিচয় নয়, অপরাধই হবে বিচার করার একমাত্র মানদ-। কেউ আইন ভঙ্গ করলে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এতে সমাজে ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা অনেক সহজ হবে।

এ সময় সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।