বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : নাটোরের বড়াইগ্রামের মাঝগাঁও ইউনিয়ন পরিষদ এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে পৌরসভার ময়লার ভাগাড় অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে উপজেলা ছাত্রদল ও এলাকাবাসীর উদ্যোগে ভাগাড়ের পাশে আয়োজিত ঘন্টাব্যাপী মানববন্ধনকালে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশিদুল ইসলাম, স্কুল শিক্ষক আবু তাহের সিদ্দিকী ও হুমায়ন কবীর, বড়াইগ্রাম পৌর ছাত্রদলের সদস্য জনি প্রধান ও মাঝগাঁও ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শিহাব উদ্দিন শিমুল বক্তব্য রাখেন।
খাদ্যসামগ্রী বিতরণ
শান্তিগঞ্জ সংবাদদাতা : সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা-র পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা, বসিয়া খাউরী ও জয়সিদ্ধি গ্রামের ২৫০ জন হতদরিদ্র পরিবারের মাঝে পবিত্র রমযান উপলক্ষে খাদ্যসামগ্রী বিতরণ করেছে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সংগঠনের প্রধান কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
উন্নত চুলা বিতরণ
মোংলা সংবাদদাতাঃ মোংলার জয়মনি এলাকায় ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে সোমবার (২৩ ফেব্রুয়ারি) বিকালে জয়মনি গ্রামে উন্নত চুলা (আইসিএস) বিতরণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বন-প্রান্তিক জনগোষ্ঠীর জ্বালানি কাঠের ব্যবহার কমানো এবং সুন্দরবনের ওপর নির্ভরতা হ্রাসই এ উদ্যোগের মূল লক্ষ্য।
জয়মনি সুন্দরবনসংলগ্ন একটি এলাকা, যেখানে রান্নার কাজে জ্বালানি কাঠের ব্যবহার বেশি। এতে বন থেকে কাঠ সংগ্রহের চাপ বাড়ে। সংশ্লিষ্টরা জানান, উন্নত চুলা ব্যবহারে প্রায় ৫০ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় সম্ভব। কম কাঠে রান্না করা যায় এবং ধোঁয়া কম হওয়ায় স্বাস্থ্যঝুঁকিও হ্রাস পায়। পাশাপাশি সময় ও ব্যয় সাশ্রয় হয়, যা গ্রামীণ পরিবারের জন্য সহায়ক।
বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা
লক্ষ্মীপুর সংবাদদাতা: লক্ষ্মীপুর জেলা ওয়েল ফেয়ার এসোসিয়েশন (ওয়ামী) আয়োজনে ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও সম্মাননা ২৪ ফেব্রুয়ারী শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ামীর প্রধান উপদেষ্টা ও জেলা জামায়াতের আমীর মাস্টার রুহুল আমিন ভূঁইয়া।
সংগঠনের জেলা শাখার সভাপতি ও জামায়াত নেতা অধ্যাপক মো: আবদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ওয়ামী জেলা শাখার সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সবুজ,সহসভাপতি রেজাউল করিম সুমন,মানবাধিকার কমিশন জেলা শাখার সভাপতি সামছুল করিম খোকন, হাজিরপাড়া আল বাশার একাডেমীর প্রধান শিক্ষক মো: মহি উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ বক্তব্য রাখেন। পরে অতিথিবৃন্দ ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্ত ৫০ জনের মাঝে নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন।
আইনশৃঙ্খলা সভা
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা : রামপালে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ চক্রবর্তী, উপজেলা স্বাস্থ্য ও প. প কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল, উপজেলা কৃষি কর্মকর্তা ইনশাদ ইবনে আমিন, রামপাল থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন, সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান প্রমুখ।