যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উদ্যোগে কেন্দ্র সচিব ও বোর্ড কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, সুষ্ঠু পরীক্ষা আয়োজন এবং প্রশাসনিক সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করেন শিক্ষা মন্ত্রণালয় ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, এমপি।

সোমবার (১৩ই এপ্রিল) বেলা ১২টা থেকে শুরু হয়ে দুপুর ২টা ৫৫ মিনিট পর্যন্ত যশোর পিটিআই মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম।

সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান, যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. মোসলেহউদ্দীন ফরিদ, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, যশোর-৬ আসনের সংসদ সদস্য অধ্যাপক মুক্তার আলী, নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য আব্দুল আলীম এবং সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য জি এম নজরুল ইসলাম।

এছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন যশোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোঃ রুহুল আমিন এবং মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মিঞা মোঃ নুরুল হকসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

সভায় যশোর বোর্ডের অধীন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৮০০ জন কেন্দ্র সচিব, শিক্ষক এবং সরকারি দপ্তরের প্রধানগণ অংশগ্রহণ করেন। বক্তারা আসন্ন পাবলিক পরীক্ষাসমূহ সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি শিক্ষা ব্যবস্থার গুণগত মান উন্নয়ন, আধুনিকায়ন এবং দায়িত্বশীলতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, শিক্ষার মানোন্নয়নে সরকারের নানামুখী উদ্যোগ বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের আন্তরিকতা ও সমন্বিত প্রচেষ্টা অপরিহার্য। তিনি কেন্দ্র সচিবদের প্রতি দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে কাজ করার আহ্বান জানান।

সার্বিকভাবে সুশৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ মতবিনিময় সভা দুপুর ২টা ৫৫ মিনিটে শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়।#