স্টাফ রিপোর্টার, গাজীপুর
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খানকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) ভিসি হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে। মঙ্গলবার তিনি বিশ্ববিদ্যালয়ে যোগদান করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় বিদায়ী ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম তাঁর নিকট দায়িত্ব হস্তান্তর করেন।
রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯২-এর ধারা ১২ (১) অনুযায়ী তাঁকে চার বছরের জন্য ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্তানুযায়ী তিনি বিদ্যমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।
দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ড. ছিদ্দিকুর রহমান খান বলেন, বাউবির মতো দেশের বৃহৎ উন্মুক্ত ও দূরশিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব পাওয়া তাঁর জন্য গৌরবের। তিনি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে আরও আধুনিক, গতিশীল ও মানসম্মত প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যাশা ব্যক্ত করেন। পাশাপাশি শিক্ষার মানোন্নয়ন, গবেষণা কার্যক্রম সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর দূরশিক্ষা ব্যবস্থার উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার গলাচিপা গ্রামের সন্তান অধ্যাপক খান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে প্রথম স্থান অর্জন করে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৯৬ সালে শিক্ষকতা পেশায় যোগ দিয়ে তিনি বর্তমানে অধ্যাপক বিভাগীয় চেয়ারম্যান ও কলা অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করছেন।
গবেষণা ও একাডেমিক অঙ্গনে সুপরিচিত এই শিক্ষাবিদের ৩৫টিরও বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে এবং তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের সংখ্যা ১৫টি। তিনি বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক একাডেমিক কার্যক্রম, গবেষণা প্রতিষ্ঠান ও নীতিনির্ধারণী কমিটির সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।
নবনিযুক্ত ভিসির নেতৃত্বে বাউবির শিক্ষা, গবেষণা ও দূরশিক্ষা কার্যক্রম আরও সম্প্রসারিত, আধুনিক ও গতিশীল হবে বলে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।