ঈদগাও, কক্সবাজার : কক্সবাজারের পাহাড়ি জনপদ ঈদগাঁও-ঈদগড় সড়কের হিমছড়ি ঢালা থেকে সশস্ত্র ডাকাতদল কর্তৃক অপহৃত দুই মোটরসাইকেল আরোহী তিন ঘণ্টা পর মুক্তিপণের বিনিময়ে গভীর রাতে ছাড়া পেয়েছেন। তারা হলো পার্বত্য নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নের ৮নং ওয়ার্ড নারিচ বনিয়া গ্রামের সেকান্দরের পুত্র আব্দুর হাকিম ও ৯নং ওয়ার্ড তুফান আলী পাড়ার মোস্তাক আহম্মদের পুত্র আব্দুল জব্বর। এরা দুজনেই পেশায় রাবার শ্রমিক। অপহরণের শিকার জব্বারের পিতা মোস্তাক আহমদ ফিরে আসার বিষয়টি নিশ্চিত করে বলেন, ডাকাতদলের দাবিকৃত অর্ধলক্ষ টাকা মুক্তিপণ তাদের কথামতো ঈদগাঁও ভোমরিয়াঘোনা বনবিট সংলগ্ন পাহাড়ি এলাকায় বুঝিয়ে দিলে তাদের ছেড়ে দেয়। তিনি আরো জানান, অপহরণ পরবর্তী সময়ে মারধর করায় দুজনের শরীরে ক্ষতের সৃষ্টি হয়েছে।