চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি পরিচালিত চাঁপাইনবাবগঞ্জ চক্ষু হাসপাতাল উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। এর ফলে রহনপুরসহ আশপাশের প্রত্যন্ত এলাকার মানুষের জন্য চক্ষু চিকিৎসাসেবা আরও সহজলভ্য হওয়ার পথ তৈরি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় রহনপুরের বেগুনবাড়ি হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকেন্দ্রটির উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের জাতীয় সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান।

বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আল মাহমুদ মেহেদুল ইসলাম, গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আব্দুল হামিদ, ফিন্টু অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. তরিকুল ইসলাম ফিন্টু এবং নিউ রফিক অটো রাইস মিলের স্বত্বাধিকারী মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মিজানুর রহমান হাফেজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয় অন্ধ কল্যাণ সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল হাকিম।

বক্তব্য রাখেন উক্ত সমিতির পরিচালনা কমিটির সদস্য আব্দুল বারিক রহনপুর পিএম আইডিয়াল কলেজের সাবেক অধ্যক্ষ ডাক্তার মুহাঃ শহীদুল্লাহ,বিশিষ্ট সমাজ সেবক তরিকুল ইসলাম বকুল সাবেক কাউন্সিলর আশরাফুল হক প্রমুখ।

স্থানীয়দের মতে, রহনপুরে চক্ষু হাসপাতালের উপকেন্দ্র চালু হওয়ায় এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের একটি প্রয়োজন পূরণ হলো। বিশেষ করে দরিদ্র, প্রবীণ ও প্রত্যন্ত এলাকার রোগীদের চক্ষু চিকিৎসার জন্য দূরের হাসপাতালে যাওয়ার দুর্ভোগ অনেকটাই কমবে।

সংশ্লিষ্টরা আশা করছেন, নিয়মিত ও মানসম্মত সেবা নিশ্চিত করা গেলে নতুন এ উপকেন্দ্রটি গোমস্তাপুরের মানুষের দৃষ্টিশক্তি রক্ষা এবং চক্ষুজনিত বিভিন্ন সমস্যা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।