নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নে আজ (৫ ফেব্রুয়ারী) বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গনসংযোগে যাওয়ার পথে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের হামলায় এনসিপির নেতা-কর্মীসহ ৭ জন গুরুতর আহত হওয়ার অভিযোগ উঠেছে। হামলায় আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

জানা যায়, বেগমগঞ্জ উপজেলার ৪ নং আলাইয়াপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড কাজী বাড়ীর দরজায় আজ বিকেলে ১১ দলীয় প্রার্থী মাওলানা বোরহান উদ্দিনের পক্ষে গনসংযোগে যায় নেতা-কর্মীরা। এ সময় হঠাৎ দেশীয় অস্ত্রসহ স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায়। হামলায় এনসিপির কর্মী জাহিদ (১৯), হৃদয় (২৭), অনিক (১৯) ,অপূর্ব ১৯) , সাইফ ১৮) নজরুল ইসলাম সাগর এবং জেলার জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক মোঃ হাবিব উল্লাহসহ ৭ জন আহত হয়। তাদেরকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এর মধ্যে এনসিপির কর্মী জাহিদ মস্তিষ্কে রক্তক্ষরণের ফলে গুরুতর অবস্থায় ঢাকা নিউরোসাইন্স মেডিকেলে পাঠানো হয়েছে।

এদিকে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকার এবং সেক্রেটারি ও নোয়াখালী ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মো. বোরহান উদ্দিন।

এ ঘটনায় থানায় মামলার প্রস্থতি চলছে।