স্টাফ রিপোর্টার, গাজীপুরঃ

গাজীপুরের জয়দেবপুরে অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানাকে ঘিরে শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বুধবার কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাদী হয়ে ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলাটি করেন।

মামলার বাদী জালাল উদ্দিন গাজীপুর সদর উপজেলার ধলীপাড়া গ্রামের মৃত হাসেন আলী সিকদারের ছেলে। তিনি এজাহারে উল্লেখ করেন, জয়দেবপুর থানার পূর্ব নয়নপুর এলাকায় অবস্থিত নেসলে বাংলাদেশ লিমিটেড কারখানায় অনিয়মিত শ্রমিক সরবরাহ ও ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আসামিরা কারখানার কর্মকর্তা-কর্মচারীদের বিভিন্নভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল।

এজাহার সূত্রে জানা যায়, গত মঙ্গলবার সকাল আনুমানিক সোয়া ৬টার দিকে শ্রীপুর উপজেলার নোয়াগাঁও (বড়চালা) গ্রামের যুবদল নেতা মো. নজরুল ইসলাম ও তার ছোট ভাই মো. সাইফুল ইসলামের নেতৃত্বে একদল লোক দা, চাপাতি ও ছোরাসহ দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক কারখানায় প্রবেশের চেষ্টা করে। এ সময় কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাধা দিলে তারা শ্রমিক সরবরাহের কাজ নিজেদের হাতে তুলে দেওয়ার দাবি জানায় অথবা প্রতি মাসে পাঁচ লাখ টাকা চাঁদা দিতে বলে বলে অভিযোগ করা হয়েছে।

বাদীর দাবি, বিষয়টি কারখানার উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করার কথা বললে ক্ষিপ্ত হয়ে আসামিরা জালাল উদ্দিন, সাগর হোসেন, আবদুল জলিলসহ ৭ থেকে ৮ জন শ্রমিকের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হন। পরে স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, কারখানার সুপারভাইজার জালাল উদ্দিন বাদী হয়ে নজরুল ইসলামকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন। মামলার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তিনি আরও জানান, অপরদিকে নজরুল ইসলামও একটি অভিযোগ দায়ের করেছেন। সেটিও যাচাই-বাছাই শেষে মামলা হিসেবে গ্রহণের প্রক্রিয়া চলছে। ঘটনায় এলাকায় উত্তেজনা থাকলেও পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।