নাটোর সংবাদদাতা

নাটোর সদর উপজেলার ছাতনি বটতলা মোড়ে নির্বাচনী গণসংযোগ কালে মহিলা কর্মীদের উপর বিএনপির হামলার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে জামায়াত। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪ টার দিকে শহরের মাদ্রাসা মোড়ে দলের নির্বাচনী কার্যালয়ে লিখিত বক্তব্য পাঠ করেন নাটোর-২ আসনের নির্বাচন পরিচালনা কমিটি’র পরিচালক আতিকুল ইসলাম রাসেল। তবে এমন অভিযোগ মিথ্যাচার দাবি করে পাল্টা সংবাদ সম্মেলন করেন বিএনপি এ আসনের নির্বাচন পরিচালনা কমিটি।

লিখিত বক্তব্যে রাসেল দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারনার প্রথম দিনে শান্তিপূর্ণ, আইন সম্মত ও গণতান্ত্রিক উপায়ে নির্বাচনী প্রচারণা ও কার্যক্রম শুরু করে জামায়াত। বেলা ১১ টার দিকে সদর উপজেলার ছাতনি ইউনিয়নে ছাতনি সেন্টার মোড়ে জামায়াতের মহিলা কর্মীদের গণসংযোগ চলাকালে বিএনপি স্থানীয় নেতা মুসা, শহিদুল, জমির, জাহিদুল, রুবেল, আকবর তাদের পথ রোধ করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে, চড় থাপ্পড় মেরে শারীরিক ভাবে লাঞ্ছিত করে এবং হুমকি প্রদান করে। এছাড়াও গতকাল ২১ জানুয়ারী রাতে নাটোর শহরের বন বেলঘরিয়া বাইপাস, বড়হরিশপুর বাইপাস সহ বিভিন্ন এলাকায় নির্বাচনি ব্যানার ফেসটুন লাগানোর সময় বিএনপির নেতা কর্মীরা বাধা সৃষ্টি করার অভিযোগও করেন। পরিকল্পিতভাবে নারীদের নির্বাচনী কাজে বাধা দেওয়া এবং ভয়ংকর- দৃষ্টান্ত, যা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকে বাধাগ্রস্ত করে। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন, প্রার্থী ইউনুস আলী, নাটোর শহর আমীর রাশেদুল ইসলাম, সদর থানা আমীর মীর নূরন্নবী, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আলী আল মাসুদ মিলনসহ কর্মীসমর্থকেরা।

অপরদিকে, জেলা বিএনপি একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলন করে জামায়াতের করা অভিযোগ ভিত্তিহীন দাবি করেন দলের আহবায়ক রহিম নেওয়াজ।

রহিম নেওয়াজ বলেন, নির্বাচনী প্রচারণায় নেমে জামায়াতের নারী কর্মীরা ছাতনি বটতলা মোড় এলাকায় সাধারণ ভোটারের বাড়িতে গিয়ে ভোটার আইডি কার্ড ও বিকাশ নম্বর চায়। পরে বাড়ির অভিভাবকরা তাদের কাছে আইডি কার্ড ও বিকাশ নম্বর চাওয়ার কারণ জানতে চাইলে কোন উত্তর দিতে পারেনা কর্মীরা। তারপরে তাদের সেখান থেকে চলে যেতে বলেন। তাদের সাথে তর্কবির্তক ও কোন অনাকাংখিত ঘটনা ঘটতে পারে। এখানে কোন বিএনপি কর্মী বা নেতা ছিলেন না। তাদের অভিযোগ মিথ্যা।

সংবাদ সম্মেলনে দলের সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ বলেন, ফুটবল প্লেয়ার মেসি বা রোনাল্ড ফাউল করেনা। তাদের ফাউল করা হয়।