মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড (চট্টগ্রাম)

ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে বিজয়ী বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরীর বাড়িতে আসলে জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিক চৌধুরী নিজহাতে বিএনপির বিজয়ী প্রার্থী আসলাম চৌধুরীকে মিষ্টিমুখ করান। এখবর সামাজিক যোগযোগ মাধ্যমে প্রচার হলে দুই প্রার্থীই প্রশংসার জোয়ারে ভাসছেন।

গত শুক্রবার জুমার নামাজ শেষে তিনি জামায়াত প্রার্থী আনোয়ার ছিদ্দিকীর বাসায় গিয়ে কুশল বিনিময় করেন। এসময় তিনি আনোয়ার সিদ্দিকীর শারীরিক খোঁজখবর নেন এবং তার সুস্বাস্থ্য ও সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

সৌজন্য সাক্ষাতে আসলাম চৌধুরী বলেন, নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা শেষ এখন সময় এলাকার উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার। ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সীতাকুণ্ডের উন্নয়ন ও সমৃদ্ধি নিশ্চিত করা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন। আগামী দিনে উন্নয়ন কর্মকাণ্ডে সহযোগিতার আহ্বান জানান তিনি।

জবাবে আনোয়ার সিদ্দিকী সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং আসলাম চৌধুরীকে ভবিষ্যতে মন্ত্রী হিসেবে দেখার আশাবাদ ব্যক্ত করেন।স্থানীয় নেতাকর্মী ও সাধারণ জনগণ এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক রাজনীতির দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করেছেন। অনেকেই মনে করছেন, নির্বাচন-পরবর্তী এমন উদ্যোগ রাজনৈতিক সহনশীলতা ও সৌহার্দ্যের বার্তা দেয়। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে উভয়ে একটি বৈষম্যহীন সীতাকুণ্ড গড়ে তোলা এবং সীতাকুণ্ডকে সামগ্রিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

এর আগে জুমার নামাজ শেষে আসলাম চৌধুরী স্থানীয় মসজিদে দোয়া ও শোকরানা মাহফিলে অংশ নেন। বিকেলে নিজ বাসভবনে নির্বাচনী এলাকার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন। এসময় নেতাকর্মী ও সাধারণ জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করান। স্থানীয়দের মতে, নির্বাচনের পর প্রতিদ্বন্দ্বীর বাসায় গিয়ে সৌজন্য সাক্ষাৎ করা ইতিবাচক রাজনৈতিক সংস্কৃতির ইঙ্গিত বহন করে। যা স্থানীয় রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে।