গাজীপুর সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার। বুধবার সকালে গাজীপুর নগর ভবনের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
নগর ভবনে পৌঁছালে নতুন প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান।
এ সময় সিটি করপোরেশনের বিভিন্ন দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিএনপি গাজীপুর মহানগরের সাবে ক যুগ্ন সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম, বিএনপি নেতা আব্দুর রহিম কালাসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। দায়িত্ব গ্রহণের পর নবনিযুক্ত প্রশাসক করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় মিলিত হন।
পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে শওকত হোসেন সরকার বলেন, গাজীপুর একটি শিল্পনগরী ও গুরুত্বপূর্ণ বাণিজ্যকেন্দ্র। এই নগরীর যানজট নিরসন, জলাবদ্ধতা দূরীকরণ, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, নগরের ১৯টি খাল খনন,আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা গড়ে তোলা এবং গাজীপুরকে ধীরে ধীরে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য 'ক্লিন সিটি' হিসেবে গড়ে তোলাই তাঁর প্রধান লক্ষ্য। তিনি বলেন, নগরবাসীর প্রত্যাশা পূরণে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে কাজ করা হবে। পরিকল্পিত নগর ব্যবস্থাপনার মাধ্যমে নাগরিক সেবার মান উন্নত করা হবে এবং জনগণের ভোগান্তি কমাতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সোহেল হাসান বলেন, নতুন প্রশাসকের নেতৃত্বে সিটি করপোরেশনের চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি জানান, যানজট নিরসন, ড্রেনেজ উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কবাতি স্থাপন ও নাগরিক সেবার মানোন্নয়নে প্রশাসক, সিটি করপোরেশন ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিতভাবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। নতুন প্রশাসকের নির্দেশনায় সেবামুখী কার্যক্রম আরও জোরদার করা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে শওকত হোসেন সরকারকে গাজীপুর সিটির প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি কাশিমপুর ইউনিয়নের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় সরকার ব্যবস্থাপনায় দীর্ঘদিনের অভিজ্ঞতা অর্জন করেন।
গাজীপুরকে সিটি করপোরেশন ঘোষণার পর প্রথম মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন বিএনপির সাবেক ধর্ম প্রতিমন্ত্রী অধ্যাপক এমএ মান্নান। পরবর্তীতে সাবেক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ও তাঁর মা জায়েদা খাতুন মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই গণ-অভ্যুত্থানের পর জায়েদা খাতুনকে বহিষ্কার করা হলে প্রশাসক হিসেবে ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদকে নিয়োগ দেয় সরকার।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন প্রশাসকের নেতৃত্বে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগে গাজীপুর মহানগরীর দীর্ঘদিনের সমস্যা সমাধানে দৃশ্যমান অগ্রগতি আসবে এবং নগরবাসী আরও উন্নত সেবা পাবে।