রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জে অপরাধের ডেড়া ঘর খ্যাত চনপাড়া বস্তিতে অবাধেই চলছে মাদকের রমরমা ব্যবসা। অভিযোগ রয়েছে চনপাড়া ফাঁড়ি পুলিশের প্রশ্রয়েই চলছে এখানকার মাদক ব্যবসা। মাদক সেবীদের অবাধ বিচরণে বিক্ষুব্ধ হয়ে উঠেছে কায়েতপাড়া ইউনিয়নের বাসিন্দারা। তবে ফাঁড়ির ইনচার্জ বিষয়টি সঠিক নয় বলে দাবী করেন।

অনুসন্ধানে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নে চনপাড়ায় ফাঁড়ি পুলিশের প্রশ্রয়ে মাদক ব্যবসা রমরমা হয়ে উঠেছে। এ ইউনিয়নে মাদকের ট্রানজিট পয়েন্ট বালু নদ। এ নদ দিয়ে মাদক সরবরাহ হয়। এ ইউনিয়নে প্রায় অসংখ্য মাদকের স্পট রয়েছে। আর ২৫ টি হচ্ছে হটস্পট। এ ইউনিয়নের মাদকের ডিপো এখন ৫ নম্বর ওয়ার্ড। এখানকার মাদক কারবারীদের সাথে চনপাড়া ফাঁড়ি পুলিশের রয়েছে সখ্যতা। এক মাদক ব্যবসায়ীর দেওয়া তথ্যের বরাত দিয়ে নাম প্রকাশ না করার শর্তে এক মাদক সেবনকারী বলেন, চনপাড়া ফাঁড়ির ইনচার্জকে মাসোহারা দিয়েই মাদক ব্যবসা করতে হয়। সপ্তাহে (হপ্তা) ১০ হাজার টাকা দিতে হয় ইনচার্জকে। খোঁজ নিয়ে জানা গেছে, কায়েতপাড়া ইউনিয়নের খামারপাড়া, উত্তরপাড়া, নগরপাড়া, কামশাইর, তালাশকুর, দেইলপাড়া, বরুনা, ইছাখালীসহ বিভিন্ন স্পটে দেদারছে মাদক বিক্রি হচ্ছে। মাদক সেবীদের অবাধ আনাগোনায় কায়েত পাড়া এলাকা নিরাপত্তাহীন হয়ে উঠছে। এ বিষয়ে চনপাড়ার ফাঁড়ির ইনচার্জ শফিকুল আলম বলেন, এগুলো মিথ্যা অভিযোগ। কারা বিক্রি করে আমাদের জানালে আমরা ব্যবস্থা নিবো। রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ সবজেল হোসেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান শক্ত। কোন পুলিশ সদস্য জড়িত থাকলে ব্যবস্থা নেওয়া হবে।