পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটায় এক জামায়াত নেতার দুই পা ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার বাম হাত ও মাথায়ও জখম করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরগুনার পাথরঘাটা উপজেলার কাঁঠালতলী দাখিল মাদ্রাসা সংলগ্ন বয়ারগুদি ব্রিজের ওপর আজ দুপুর দেড়টার দিকে। এ সময় তিনি ওই মাদ্রাসা থেকে বাড়ি ফিরছিলেন।

মাহফুজুর রহমান (৫০) কাঠালতলী ইউনিয়ন জামায়াতে ইসলামীর এসিস্ট্যান্ট সেক্রেটারি। কাঠালতলী দাখিল মাদ্রাসা সূত্রে জানা গেছে, মাহফুজুর রহমান কাঠালতলী দাখিল মাদ্রাসা থেকে দুপুর ১টার দিকে বের হন। এ সময় তিনি মোটরসাইকেল যোগে বাড়ির দিকে রওনা হন। মাদ্রাসা থেকে বয়ারগুদি ব্রিজে অতিক্রম করার সময় ওই ব্রিজের ওপর তিন ব্যক্তি তার ওপর হামলা চালায়।

পাথরঘাটা উপজেলা জামায়াতের সেক্রেটারী জাহাঙ্গীর হোসেন বলেন, জামায়াত নেতা মাহফুজুর রহমান বয়ারগুদি ব্রিজের ওপর দিয়ে যাওয়ার পথে উৎপেতে থাকা তিন যুবক লাঠি ও লোহার পাইপ দিয়ে আঘাত করে মোটরসাইকেল থেকে ফেলে দেয়। এরপর উপর্যপুরী তার দুই পায়ে আঘাত করে পা দুটি ভেঙ্গে দেয়। এ সময় তার কপালের ডান অংশে ও বাম হাতেও জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছেন।

পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মাহমুদুল হাসান বলেন, তার দুই পা ভেঙ্গে মারাত্মক জখন হয়েছে। এছাড়া পা ও কপালেও জখম হয়েছে। তবে দুই পায়ের আঘাতটা গুরুতর। তাই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার পঙ্গু হাসপাতালে নেয়ার জন্য বলা হয়েছে।

এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, বিষয়টি আমরা শুনেছি। তবে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।