রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : ৩৬ হাজার জাল টাকা সহ রেজাউল করিম (৩৩) নামের এক যুবককে আটক করে থানায় সোপর্দ করেছে সোনালী ব্যাংক কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে গতকাল বৃহস্পতিবার দুপুর দেড় টার দিকে কুড়িগ্রাম জেলার রৌমারী সোনালী ব্যাংক রৌমারী শাখায়। এঘটনায় ম্যানেজার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে।

পুলিশ, ব্যাংক ও স্থানীয় সূত্রে জানা গেছে, রেজাউল ইসলাম ৩ লক্ষ ৫০ হাজার টাকা ব্যাংকে জমা রশিদের মাধ্যমে ক্যাশে জমা দেন। এসময় ক্যাশ অফিসার দেলোয়ার হোসেন টাকাগুলো পরীক্ষার-নিরিক্ষার জন্য মেশিনে দিলে ২৬ টি এক হাজার ও ২০ টি ৫’শ টাকার জালনোট চিহ্নিত হয়। পরে ক্যাশ অফিসার বিষয়টি ম্যানেজার মো. আয়নাল হককে অবগত করেন। পরে সোনালী ব্যাংক ম্যানেজার আয়নাল হক ব্যাংকের উদ্ধর্তন কর্তৃপক্ষের নির্দেশক্রমে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে এসআই পরিতোষ ঘটনাস্থলে এসে জাল টাকাসহ রেজাউলকে থানায় নিয়ে যান। এঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত যুবক উপজেলার সদর ইউনিয়নের চুলিয়ার চর গ্রামের মাহা আলমের ছেলে।

রৌমারী সোনালী ব্যাংক কর্মকর্তা মো. আয়নাল হক জানান, জালটাকার নোটগুলো ব্যাংক রশিদের মাধ্যমে টাঙ্গাইল জেলার মিজার্ আব্বাস নামের এক ব্যক্তির নামে টিটি করছিলেন। পরে জালনোট চিহ্নিত হলে তাকে আটক করে থানায় সোপর্দ করা হয়।

রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওসার আলী জানান, এঘটনায় একটি মামলা হয়েছে এবং আসামীকে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করা হবে।

নান্দাইল (ময়মনসিংহ) সংবাদদাতা: আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণে কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা ওজনে কম দেওয়া সহ্য করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন ময়মনসিংহের নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাতেমা জান্নাত। নান্দাইল উপজেলা পরিষদ কার্যালয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের (সচিব) সাথে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় তিনি এ কড়া হুঁশিয়ারি প্রদান করেন।

জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থ বছরে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নান্দাইল উপজেলার ১৩টি ইউনিয়নে মোট ৩০ হাজার ৬৩৩টি অতিদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে খাদ্য সহায়তা প্রদান করা হবে। তালিকাভুক্ত প্রতিটি পরিবার ১০ কেজি করে ভিজিএফ চাল পাবেন। মোট ৩০৬.৩৩০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে।