গ্যাস বিস্ফোরণের ঝুঁকি কমাতে কুমিল্লায় অবৈধ সংযোগের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এর অংশ হিসেবে জব্দ করা ৫৮১টি অবৈধ গ্যাস সংযোগে ব্যবহৃত অনিবন্ধিত ও নিম্নমানের রেগুলেটর ধ্বংস করা হয়েছে।
সোমবার সকালে কোম্পানির প্রধান কার্যালয়ে কর্মকর্তাদের উপস্থিতিতে রোলার দিয়ে চাপ প্রয়োগ করে এসব রেগুলেটর ধ্বংস করা হয়।
কর্তৃপক্ষ জানায়, অবৈধ সংযোগে ব্যবহৃত নিম্নমানের রেগুলেটর গ্যাস লাইনে বড় ধরনের দুর্ঘটনা ও বিস্ফোরণের ঝুঁকি তৈরি করছে। এসব ঝুঁকি মোকাবেলায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে নিয়মিতভাবে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন ও মানহীন সরঞ্জাম অপসারণ করা হচ্ছে।
এর আগে গত বছরের অক্টোবরেও প্রায় সাড়ে চার হাজার অনিবন্ধিত রেগুলেটর ধ্বংস করেছিল বাখরাবাদ কর্তৃপক্ষ।
বর্তমানে কোম্পানির ৩০টি মনিটরিং টিম মাঠ পর্যায়ে কাজ করে অবৈধ সংযোগ শনাক্ত ও বিচ্ছিন্ন করছে বলে জানানো হয়েছে।
বাখরাবাদ সংশ্লিষ্টরা জানান, কিছু অসচেতন গ্রাহক বাজার থেকে নিম্নমানের রেগুলেটর ব্যবহার করে বাসাবাড়িতে অবৈধ সংযোগ নিচ্ছেন, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রাণহানির কারণ হতে পারে। এ ধরনের কাজ থেকে বিরত থাকতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মহাব্যবস্থাপক (ইঞ্জিনিয়ারিং সার্ভিস) প্রকৌশলী সোলাইমান, মহাব্যবস্থাপক (বিপণন) মর্তুজা রহমান খান, মহাব্যবস্থাপক (পরিকল্পনা ও উন্নয়ন) মাহবুব আলম সিদ্দিকী এবং মহাব্যবস্থাপক (প্রশাসন) নাহিদ বনী ইসলাম।