বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা : রাজধানীর শাহজাদপুরে পোষা বিড়ালকে উদ্ধার করতে গিয়ে তিনতলার ছাদের কার্নিশ থেকে পা পিছলে পড়ে বন্যা কস্তা (৩৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে সাতটার দিকে ঘটনাটি ঘটে।
নিহত বন্যা কস্তা নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লীর আদগ্রাম এলাকার মৃত সুশান্ত কস্তার মেয়ে ও একই উপজেলার বোর্ণি টুনিপাড়া এলাকার শোভন পালমার স্ত্রী। চাকরীর সুবাদে তিনি স্বামীর সাথে রাজধানীর শাহজাদপুরে একটি ভাড়া বাসায় থাকতেন।
বন্যা কস্তার ভাই সৌরভ কস্তা জানান, বন্যা স্বামী শোভন পালমা’র সাথে রাজধানীর শাহজাদপুরে একটি ভবনের তৃতীয় তলায় ভাড়া থাকতেন। তিনি শখের বশে একটি বিড়াল পুষতেন। সকাল সাড়ে ৭টার দিকে ঘুম থেকে উঠে তার পোষা আদরের বিড়ালটিকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে বিড়ালটিকে ছাদের কার্নিশে দেখতে পেয়ে সেখান থেকে উদ্ধার করতে গিয়ে বন্যা হঠাৎ পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান। পরে আহত অবস্থায় স্বজনরা দ্রুত কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি আরো জানান, কোন সন্তান না থাকায় বিড়ালটিকে খুব ভালবাসতেন বন্যা। মঙ্গলবার সকালে বোর্ণি মিশন কবরস্থানে তাকে সমাহিত করা হবে।
এ ব্যাপারে জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, সন্তানের অভাব পূরণে মাতৃ¯েœহে পোষা বিড়ালটিকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই মর্মান্তিকভাবে মারা গেলেন। হয়তো তিনি আরও সতর্ক হলে বা অন্যভাবে বিড়ালটিকে উদ্ধার করলে এমন ঘটনা ঘটতো না। এ ঘটনায় আমাদের সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।