ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ইট বোঝাই ট্রাকের ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে আটকে গেছে ট্রাক। ফলে সেতু দিয়ে সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় ব্যবসায়ী ও পারাপারের যাত্রীরা।
জানা গেছে, সেতুর লোড ধারণ ক্ষমতা ১০ টন হলেও ট্রাকটি ৩৯ টন ইটপরিবহন করায় এই দুর্ঘটনাটি ঘটে।
মঙ্গলবার সকাল ৬টার দিকে ইট বোঝাই একটি ট্রাক ভূরুঙ্গামারী থেকে সোনাহাট স্থলবন্দরের দিকে যাওয়ার পথে সেতুর স্টিলের অংশে পৌঁছলে অতিরিক্ত লোডের কারণে সেতুর একটি পাটাতন ভেঙে ট্রাকটি দেবে যায়। এতে সেতু দিয়ে সকল প্রকার যান চলাচল বন্ধ হয়ে যায়। এদিকে দুর্ঘটনায় সেতুর দুপাশে যানবাহনের লম্বা সারি হয়েছে। জরুরি প্রয়োজন সারতে লোকজনকে নৌকায় পারাপার হতে হচ্ছে। এছাড়া এইচএসসি ও আলিম নির্বাচন পরীক্ষার্থীসহ অফিসগামী লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েছেন।
গরু ব্যবসায়ী আমজাদ, কাশেম ও রাসেল জানান, আজ (মঙ্গলবার ) ভূরুঙ্গামারীতে একমাত্র গরুর হাট। সকাল আটটার মধ্যে গরু নিয়ে হাটে পৌছলে ভালো জায়গা পাওয়া যায়। তাই একটি ভটভটিতে ৮টি গরু নিয়ে এসেছি। কিন্তু ব্রীজ বন্ধ তাই নৌকায় পাড় হওয়ার জন্য অপেক্ষা করছি।
কুড়িগ্রাম সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ বলেন, পুরাতন এই সেতুটির ধারণ ক্ষমতা ১০ টন কিন্তু ট্রাকে পরিবহন করা হয়েছে ৩৯ টন। ফলে অতিরিক্ত লোডের কারণে এই দুর্ঘটনা ঘটে। ট্রাক মালিক ও ইট ক্রয়কারী ব্যক্তির বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিম উদ্দিন বলেন, ওভার লোডের কারণে কোন মামলা হয় না। তবে জরিমানা আরোপের বিধি রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন ও ওসি আজিম উদ্দিন ঘটনা স্থলে রয়েছেন। তারা জানান, ট্রাকটি সরিয়ে সেতুটি পারাপারের উপযোগী করার চেষ্টা চলছে।