অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবসটি উদযাপন করেছে।
সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম।
এ সময় ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাঃ শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মোঃ আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডীন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে ভিসি বলেন, ভাষা শহিদদের আত্মত্যাগ আমাদের আত্মমর্যাদা ও জাতীয় চেতনার ভিত্তি স্থাপন করেছে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করে শিক্ষা, গবেষণা ও মানবিক মূল্যবোধের বিকাশের মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দিবসের শুরুতে সূর্যোদয়ের সঙ্গে গাজীপুর মূল ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয় এবং শহিদ মিনার প্রাঙ্গণ বর্ণমালা খচিত ব্যানার-ফেস্টুন ও আল্পনায় সাজানো হয়। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস ক্যাম্পাসের শহিদ মিনারে পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করেন।
এছাড়াও দেশের বিভিন্ন স্থানে অবস্থিত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রগুলোতেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন করা হয়।