রায়পুর (লক্ষ্মীপুর) সংবাদদাতা : লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত স্নাতক পরীক্ষার্থী আশ্রাফুল ইসলাম (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় ঢাকার ধানমন্ডির নিউলাইফ বেসরকারি হাসপাতালে আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ভগ্নীপতি স্বপন মাল। নিহত আশ্রাফুল ইসলাম রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের খাসেরহাট এলাকার খান বাড়ির আজিজুল হকের ছেলে। তিনি রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের স্নাতক পরীক্ষার্থী ছিলেন। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের মাতম, আর এলাকাজুড়ে বিরাজ করছে গভীর শোক।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাত আনুমানিক ১০টার দিকে উত্তর চরবংশী ইউনিয়নের ঢালিকান্দি গ্রামের একটি ফসলি খেত থেকে আশ্রাফুলকে রক্তাক্ত ও অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। প্রথমে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। সেখানে কয়েকদিন আইসিইউতে চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

নিহতের স্বজনদের অভিযোগ, সম্প্রতি কারাগার থেকে জামিনে মুক্ত হয়ে আসা কিশোর গ্যাং সদস্য ও মাদকসেবী শাহিন বেপারি (২৬)-এর নেতৃত্বে একটি সশস্ত্র কিশোর গ্যাং পরিকল্পিতভাবে আশ্রাফুলকে ইট দিয়ে মাথা থেতলে দেয়।

এ ঘটনায় নিহতের বাবা আজিজুল হক বাদী হয়ে রায়পুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ইতোমধ্যে পুলিশ প্রধান অভিযুক্ত শাহিন বেপারিকে গ্রেপ্তার করেছে। আশ্রাফুলের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।