সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের স্বতন্ত্র প্রার্থী শিল্পপতি সালাউদ্দিন আলমগীর রাসেলের (হরিণ) প্রতীকের ৩টি নির্বাচনী অফিস ভাঙচুর ও দুটি অফিসে তালা ঝুঁলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট আহমেদ আযম খানের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। রোববার (২৫ জানুয়ারি) এ বিষয়ে সহকারী রিটার্নিং অফিসারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন হরিণ প্রতীকের এজেন্ট ফজলুল হক বাচ্চু।

এ বিষয়ে বিএনপির ধানের শীষের প্রার্থী আহমেদ আযম খান বলেন, স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর নির্বাচনে ভোটের দেউলিয়াত্বে ভুগছেন। তাই নানা ধরণের কাল্পনিক, ভিত্তিহীন ও মিথ্যা অভিযোগ তুলে পরিস্থিতি ঘোলা করার চেষ্টা করছেন।

ইসলামি আন্দোলনের প্রার্থীকে অর্থদ-

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মনোনীত হাতপাখা প্রতীকের এমপি প্রার্থী হাফেজ মাওলানা মনোয়ার হোসেন সাগরকে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) সকালে উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে হাতপাখা প্রতীকের নির্বাচনী সমাবেশ চলাকালীন সময়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রাজিব হোসেন।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রাজিব হোসেন বলেন- নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে সরকারি স্থাপনায় হাতপাখা প্রতীকের নির্বাচনী প্রচারণার কার্যালয় স্থাপন করার অপরাধে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে কার্যালয়টিতে নির্বাচনী প্রচারণ নিষিদ্ধ করা হয়েছে। কোন প্রার্থী যদি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জামায়াত নেত্রীদের ভয়ভীতি প্রদর্শন

ঝিকরগাছ (যশোর) সংবাদদাতা : যশোরের ঝিকরগাছা পৌরসভার অভ্যন্তরে ৫ নং ওয়ার্ডের কীর্তিপুর গ্রামে জামায়াতে ইসলামীর মহিলা নেত্রীরা ভোট চাইতে গেলে হামলা চালিয়ে নেত্রীদের আহত করেছে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা।

জানা যায় রোববার দুপুর ঝিকরগাছা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কীর্তিপুর গ্রামে জামায়াতে ইসলামীর উপজেলা নেত্রীরা দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে গেলে উপজেলা যুবদলের সাধারন সম্পাদক আরাফাত রহমান কল্লোল, পিতা-আবুল হোসেননেতৃত্বে, আহনাফ পিতা- আরমান, আতিকুজ্জামান টিটো, পিতা- রওশন, ইনামুল রাজীব সবুজ ওরফে ডিস সবুজ, পিতা- আলী, সাফুয়ান, পিতা-আবুলখায়ের, সেতু, পিতা-তফিজুলস সোহাগ, পিতা-অজ্ঞাত সর্বসাং-কৃত্তীপুর, ঝিকরগাছা যশোর, সহ১৫/২০ জনের একটি দল মহিলা জামাতের কর্মীদের উপর অতর্কিত হামলা করে আহত করে ও মোবাইল ভাঙচুর করে মোবাইল ছিনিয়ে নেয়,

এ ঘটনায় ঝিকরগাছা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল আলম যানান খবর পেয়ে পুলিশ সেখানে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, পরে এ বিষয়ে ভিকটিমদের উপস্হিথিতে যশোর প্রেসক্লাবে যশোর -২(চৌগাছা -ঝিকরগাছা) আসনের সাংসদ সদস্য প্রার্থী ডা:মসলেহ উদ্দিন ফরিদ।

যুবদলের সমাবেশ নিষিদ্ধ করলো প্রশাসন

সখিপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখিপুর উপজেলায় কাদের সিদ্দিকী বীর উত্তম এবং ওয়ার্ড যুবদলের পাশাপাশি সভা-সমাবেশ আহবান করায় উত্তেজনার সৃষ্টি হয়। এই অবস্থায় উভয়পক্ষের কর্মসূচি বন্ধ করে দিয়েছে উপজেলা প্রশাসন। এর ফলে বৃহস্পতিবার (২২ জানুয়ারী) বিকেলে কাদের সিদ্দিকীর সখিপুর উপজেলায় বাসভবনে কৃষক শ্রমিক জনতা লীগের সমন্বয় সভা এবং বাসভবনের সামনের মসজিদ মাঠে ওয়ার্ড যুবদলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়নি। সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আবদুল্লাহ আল রনী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। এলাকাবাসী ও উভয়পক্ষের নেতাকর্মী সূত্রে জানা গেছে, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বুধবার (২১ জানুয়ারী) বিকেলে সখিপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডে তার বাসভবনে স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীরকে নিয়ে সমন্বয় সভা ডাকেন।

নির্বাচনী প্রচারণায় যুবলীগের হামলা

বাহুবল (হবিগঞ্জ) সংবাদদাতা : হবিগঞ্জের বাহুবলে সংঘর্ষে বৈষম্য বিরোধী ছাত্র নেতাসহ ৭ জন আহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলার সাতকাপন ইউনিয়নের জগতপুর এলাকায় এঘটনা ঘটে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে সংঘর্ষের নেপথ্য ঘটনা নিয়ে ধূম্রজালের সৃষ্টি হয়েছে।

গুরুতর আহত দুই জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অন্যান্যদেরকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন, জুলাই যুদ্ধা হৃদয়ের চাচা আস্বব উদ্দিন, ইমান উদ্দিন, গিয়াসউদ্দিন, গোলাম হোসেন।

আহতরা বলছেন রবিবার সন্ধ্যায় ১০দলীয় জোটের নির্বাচনী প্রচারণায় যুবলীগ নেতা সিতার মিয়ার বাধা দেওয়ার জের ধরে সোমবার এ সংঘর্ষ সংঘটিত হয়।

পরিত্যক্ত জায়গা থেকে ১২টি ককটেল উদ্ধার

খুলনা ব্যুরো

খুলনা মহানগরীর বাগমারা মেইন রোডের আদর্শপল্লী এলাকায় একটি পরিত্যক্ত জায়গা থেকে ১২টি ককটেল উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) বিকেলে ওই এলাকায় অভিযান চালিয়ে এসব ককটেল উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, বাগমারা মেইন রোডের আদর্শ পল্লীর বিপরীত পাশে নাসিরের ভাতের হোটেলের পেছনে বাদশা মিয়ার মালিকানাধীন একটি পরিত্যক্ত জায়গায় প্লাস্টিকের ব্যাগে ককটেলগুলো পড়ে থাকতে দেখে স্থানীয় এক ব্যক্তি। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি তাৎক্ষণিকভাবে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে খুলনা সদর থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি চালায়। তল্লাশির এক পর্যায়ে লাল টেপে মোড়ানো অবস্থায় প্রায় ১২টি ককটেল উদ্ধার করা হয়। পরে নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় র‌্যাবের বোমা নিস্ক্রিয়কারী ইউনিটকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে পৌঁছে ককটেলগুলো নিজেদের হেফাজতে নিয়ে নিস্ক্রিয় করার প্রক্রিয়া শুরু করে।

পুলিশ আরও জানায়, ঘটনাটির সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে আশপাশের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং গোয়েন্দা তথ্য সংগ্রহসহ প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশি নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ ব্যাপারে খুলনা সদর থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, ‘পরিত্যক্ত জায়গা থেকে উদ্ধারকৃত ককটেলগুলো কারা এবং কী উদ্দেশ্যে সেখানে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।’