মতলব (চাঁদপুর) সংবাদদাতা : চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় জাটকা রক্ষা অভিযানে ৮শ’ ৫০কেজি জাটকা মাছ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) ভোর ৫টা থেকে সকাল ১০টা পর্যন্ত পরিচালিত এ অভিযানে বাংলাদেশ কোস্টগার্ডের সহায়তায় যাত্রীবাহী একটি গাড়ি থেকে এসব জাটকা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত জাটকা মাছ স্থানীয় এতিমখানা ও দুস্থ মানুষের মধ্যে তাৎক্ষণিকভাবে বিতরণ করা হয়। এতে একদিকে যেমন অবৈধভাবে জাটকা পরিবহন ও বাজারজাতকরণ রোধ করা সম্ভব হয়েছে, অন্যদিকে মানবিক সহায়তার একটি উদ্যোগও বাস্তবায়িত হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন মতলব উত্তর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য অফিসার বিজয় কুমার দাস। তিনি বলেন, জাটকা রক্ষা করা শুধু আইনি দায়িত্ব নয়, এটি আমাদের ভবিষ্যৎ মৎস্য সম্পদ রক্ষার প্রশ্ন। জাটকা ধরা বন্ধ না হলে ইলিশ উৎপাদন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এ ধরনের অভিযান নিয়মিত চলবে।