আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-২ আসনে জামায়াতে ইসলামীকে সঙ্গে নিয়ে ব্যাপক ও ধারাবাহিক নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী এনসিপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আলী নাছের খান।
শনিবার (৩১ জানুয়ারি ) মহানগরের বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ভোটের প্রচারণা চালানোর কর্মসূচি বাস্তবায়ন করছেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, সকাল থেকেই প্রচারণা কার্যক্রমে সরব রয়েছে পুরো নির্বাচনী টিম।
সকালে গাজীপুর মহানগরের ১৯ নং ওয়ার্ডে সালনা বাজার ও দেশি পাড়া এলাকায় গণসংযোগ ও প্রচারণার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। পরে ২০ নং ওয়ার্ডের মৈশান বাড়ী ও জালা মার্কেট এলাকায় ধারাবাহিক প্রচারণা চালানো হয়, যেখানে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন অ্যাডভোকেট আলী নাছের খান। এ সময় তিনি ন্যায়ভিত্তিক রাজনীতি, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার তুলে ধরেন।
এরপর ২১ নং ওয়ার্ডের মিরের গাঁ, জোলার পাড় ও কাউলতিয়া এলাকায় প্রচারণা অব্যাহত থাকে। জোহরের নামাজ, মধ্যাহ্নভোজ ও স্বল্প বিশ্রামের পর বিকেলে ২২ নং ওয়ার্ডের ভীম বাজার, হাজী মার্কেট, বাংলাবাজার ও গাজী মার্কেট এলাকায় গণসংযোগ ও প্রচার কার্যক্রম পরিচালনার কথা রয়েছে। সন্ধ্যার পর ২৩ নং ওয়ার্ডের মাস্টার বাড়ী বাজার, পোড়াবাড়ি বাজার ও হাতিয়াব খিলপাড়া এলাকায় প্রচারণার মধ্য দিয়ে দিনের কর্মসূচি শেষ করার পরিকল্পনা রয়েছে।
দিনভর এই ধারাবাহিক প্রচারণায় জামায়াতে ইসলামী ও এনসিপির মহানগর পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। নির্বাচনী মাঠে সকাল থেকে রাত পর্যন্ত এই টানা উপস্থিতি গাজীপুর-২ আসনে ১১ দলীয় জোটের অবস্থানকে আরও দৃশ্যমান ও শক্তিশালী করছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকরা।