মুরাদনগর (কুমিল্লা) : পরিবারের অভাব দূর করতে বুকভরা স্বপ্ন নিয়ে পাড়ি জমিয়েছিলেন মরুভূমির দেশ সৌদি আরবে। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই সব শেষ হয়ে গেল। সৌদি আরবে পৌঁছানোর মাত্র ২৪ ঘণ্টার মাথায় না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লার মুরাদনগর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া গ্রামের তরুণ রিফাত (২৩)। গত ৪ ফেব্রুয়ারি ভাগ্যের চাকা ঘোরাতে রিয়াদের উদ্দেশ্যে দেশ ছাড়লেও পরদিন ৫ ফেব্রুয়ারি রাতে মদিনা এলাকায় তার রহস্যজনক মৃত্যুর খবর আসে।
রিফাত ওই গ্রামের মো. কাদেরের একমাত্র ছেলে। একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে পাগলপ্রায় মা তাসলিমা বেগম; তিন বোনের আহাজারিতে মোচাগড়া গ্রামের আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে। সাড়ে ৫ লাখ টাকার ঋণের বোঝা এখন পরিবারের কাছে এক ভয়াবহ দুঃস্বপ্ন।
পারিবারিক সূত্রে জানা যায়, অনেক কষ্টে সাড়ে পাঁচ লাখ টাকা ধার-দেনা ও চড়া সুদে জোগাড় করে রিফাতকে বিদেশে পাঠিয়েছিলেন তার বাবা। আশা ছিল ছেলে বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা ফেরাবে, বোনদের লেখাপড়া করিয়ে বিয়ে দেবে। কিন্তু সেই আশা ধূলিসাৎ হয়ে গেছে। বিদেশে যাওয়ার একদিন পরই কেন এবং কীভাবে রিফাতের মৃত্যু হলো, তা নিয়ে পরিবার ও এলাকাবাসীর মনে দানা বেঁধেছে নানা রহস্য। নিহতের পরিবার এখনো নিশ্চিত নয় এটি স্বাভাবিক মৃত্যু নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে। বর্তমানে রিফাতের মরদেহ সৌদি আরবের একটি হাসপাতালের মর্গে পড়ে আছে।